০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

দেশের ৭৬ শতাংশ আবাদি জমি উর্বরতা হারাচ্ছে, অথচ জলবায়ু আলোচনায় মাটির স্বাস্থ্য এখনো উপেক্ষিত। কপ৩১-এ এই সংকট কতটা গুরুত্ব পাবে, এ নিয়ে মৃত্তিকা বিজ্ঞানী মো.হাসনাইনের লেখা।

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

মাটির উর্বরতা বাড়াতে ও সঠিক পুষ্টি ব্যবস্থাপনায় মাঠপর্যায়ে কৃষিবিজ্ঞানীদের সচেতনতামূলক কার্যক্রম।

মো. হাসনাইন মো. হাসনাইন

Published : 09 Nov 2026, 01:16 PM

Updated : 09 Nov 2026, 01:16 PM

তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31), যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। বরাবরের মতো এবারও বাংলাদেশ লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাস্তবায়ন, সহজলভ্য অর্থায়ন ও অভিযোজন সহায়তার জোরালো দাবি তুলবে। দাবিগুলো নিঃসন্দেহে অত্যন্ত বাস্তবসম্মত ও জরুরি।

কিন্তু একজন মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে একটি প্রশ্ন আমাকে গভীরভাবে ভাবায়: যে মাটির ওপর দাঁড়িয়ে দেশের কোটি কোটি মানুষের খাদ্যের সংস্থান হয়, সেই মাটির স্বাস্থ্য ও সুরক্ষা এই বৈশ্বিক আলোচনায় কতটা অগ্রাধিকার পাবে?

মাঠের অভিজ্ঞতা

মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করার পর দুই দশকেরও বেশি সময় ধরে আমি পেশাজীবনে যুক্ত আছি। বিশেষ করে ২০১৩ সাল থেকে সরাসরি মাঠপর্যায়ে মাটি ও কৃষির বাস্তব সমস্যাগুলো নিয়ে কাজ করছি। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (IFDC)-এর অধীনে, ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত প্রকল্পে মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে বরিশাল ও যশোরে ইউরিয়া ডিপ প্লেসমেন্ট (গুটি ইউরিয়া) ও NPK-এর মাঠ-পরীক্ষায় যুক্ত ছিলাম। বরিশালের যেসব প্রদর্শনী মাঠে আমরা কাজ করেছি, সেখানে ধানের ফলন প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

পরবর্তী সময়ে নোয়াখালীর উপকূলীয় ও বন্যাপ্রবণ সুবর্ণচর এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রান্তিক কৃষকের জীবিকা ও কৃষি-উদ্যোক্তা উন্নয়নে কাজ করেছি। পাশাপাশি যুক্ত ছিলাম নাইট্রোজেন ব্যবস্থাপনা এবং ধানক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন সংক্রান্ত গবেষণাতেও।

মাঠের কাজ আমাকে মূলত দুটি শিক্ষা দিয়েছে:

প্রথমত, নতুন কোনো প্রযুক্তি যদি কৃষকের জন্য লাভজনক হয়, তবে তা গ্রহণে কৃষক কখনো দ্বিধা করেন না।

দ্বিতীয়ত, কার্যকারিতা প্রমাণিত হওয়ার পরও অনেক ভালো প্রযুক্তি মাঠপর্যায়ে আটকে যায় কেবল বাড়তি শ্রম, টেকসই সরবরাহ-ব্যবস্থার অভাব এবং সহজ কৃষিঋণ না পাওয়ার কারণে।

মাটির সংকট এখন জাতীয় সংকট

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (SRDI) ‘Land Degradation in Bangladesh 2020’ সমীক্ষা অনুযায়ী, ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে দেশের প্রায় ৭৬ শতাংশ জমি তার উর্বরতা বা উৎপাদনশীলতার ১০ থেকে ৭৫ শতাংশ হারিয়েছে। প্রায় ৭৯ শতাংশ ভূখণ্ডে মাটির জৈব পদার্থ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে এবং প্রায় ৫৫ শতাংশ জমি অতিরিক্ত অম্লতায় (Acidity) ক্ষতিগ্রস্ত। ২০০০ সালের পর থেকে প্রতিবছর গড়ে প্রায় ২৭ হাজার হেক্টর জমি মধ্যম থেকে অত্যন্ত গুরুতর মাত্রার অবক্ষয়ের শিকার হচ্ছে।

এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যুক্ত হয়েছে তীব্র লবণাক্ততা, আকস্মিক বন্যা ও খরা। পুষ্টিহীন ও দুর্বল মাটির পক্ষে এই ধরনের তীব্র প্রাকৃতিক ধাক্কা সামলানো সম্ভব নয়।

ইউরিয়া: মাটির ক্ষতি থেকে রাষ্ট্রের বোঝা

আমাদের দেশে সনাতন পদ্ধতিতে ছিটিয়ে দেওয়া ইউরিয়া সারের নাইট্রোজেনের একটি বড় অংশই গাছ গ্রহণ করতে পারে না। এর সিংহভাগ বাতাসে উবে যায় কিংবা সেচের পানির সঙ্গে মিশে ভূগর্ভস্থ পানি ও উন্মুক্ত জলাশয় দূষিত করে। এই অপচয়ের বড় মাশুল দিতে হচ্ছে কৃষক, রাষ্ট্র ও পরিবেশকে।

দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারদরের পরিপ্রেক্ষিতে প্রতি কেজি ইউরিয়ার আমদানি খরচ দাঁড়ায় প্রায় ৫৬ টাকা, যেখানে কৃষক তা কিনতে পারেন মাত্র ২৭ টাকায়। কেজিপ্রতি প্রায় ২৯ টাকার এই বিশাল ব্যবধান সরকারকে ভর্তুকি হিসেবে বহন করতে হয়।

গুটি ইউরিয়া প্রযুক্তি এই অপচয় অনেকটাই কমিয়ে আনতে পারে। IFDC-এর ILSAFARM প্রকল্পে সিডর-আক্রান্ত আটটি জেলায় ২০১০ সালের মধ্যে পাঁচ লাখেরও বেশি কৃষক এই প্রযুক্তি গ্রহণ করেছিলেন। এতে তাদের পরিবারের বার্ষিক নিট আয় গড়ে ১৮৫ ডলার পর্যন্ত বেড়েছিল। জাতীয় পর্যায়ে IFDC-এর হিসাব অনুযায়ী, ২০১২ সালে শুধু সার-ক্রয় ও ভর্তুকি খাতেই সরকারের সাশ্রয় হয়েছিল প্রায় ২ কোটি ৯০ লাখ ডলার।

তবুও এই পরিবেশবান্ধব ও লাভজনক প্রযুক্তিটি সব কৃষকের কাছে পৌঁছায়নি। ২০১৪ সালের এক জরিপ অনুযায়ী এর প্রধান কারণ ছিল—গুটি বসানোর জন্য বাড়তি শ্রমিকের প্রয়োজন, বাজারে গুটি সারের সরবরাহে ঘাটতি, সাধারণ ইউরিয়ার চেয়ে তুলনামূলক বেশি দাম এবং সহজলভ্য ঋণের অভাব। অর্থাৎ সংকটটি প্রযুক্তির কার্যকারিতায় নয়, বরং এর অর্থায়ন ও সরবরাহ শৃঙ্খলের দুর্বলতায়।

Image

বৈশ্বিক জলবায়ু অঙ্গীকারের মঞ্চে বড় প্রতিশ্রুতির ভিড়ে মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার অগ্রাধিকার নিশ্চিত করাই এখন নীতি-নির্ধারকদের সবচেয়ে বড় দায়।

ছবি: নিউ সায়েন্টিস্ট।

আন্তালিয়ায় মাটির সুযোগ

আসন্ন জলবায়ু সম্মেলনে মাটি ও টেকসই সার-ব্যবস্থাপনার বিষয়টি বাংলাদেশ মূলত তিনটি ক্ষেত্রে জোরালোভাবে তুলে ধরতে পারে:

অর্থায়ন: COP30-এর সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার আহ্বান জানানো হলেও এর কোনো ভিত্তি বছর নির্দিষ্ট করা হয়নি। এখন প্রয়োজন একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা। একই সঙ্গে লস অ্যান্ড ড্যামেজ তহবিলকে শুধু মৌখিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে কার্যকর তহবিলে রূপ দিতে হবে এবং এই সহায়তা ঋণের বদলে অনুদানভিত্তিক হওয়া জরুরি।

শার্ম এল-শেখ যৌথ কার্যক্রম (SJWA): COP27-এ শুরু হওয়া ‘শার্ম এল-শেখ যৌথ কার্যক্রম’ চার বছরের কাজের পর্যালোচনা নিয়ে আন্তালিয়ায় বসবে। এর মেয়াদ বাড়ানো হবে, নতুন কোনো কাঠামো তৈরি হবে, নাকি অন্য কোনো পথে কৃষি আলোচনা এগোবে—তা এখনো নিশ্চিত নয়। এই সুযোগে ভবিষ্যৎ কৃষি রূপরেখায় ‘মাটির স্বাস্থ্য’ ও ‘টেকসই সার-ব্যবস্থাপনা’কে আনুষ্ঠানিক এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।

মিথেন ও নাইট্রোজেন নির্গমন হ্রাস: বিশ্বব্যাপী মানবসৃষ্ট মিথেন নির্গমনের প্রায় ৯ শতাংশের উৎস ধানক্ষেত। এছাড়া বৈশ্বিক নাইট্রোজেন ব্যবহারের দক্ষতা ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশে উন্নীত করা গেলে বছরে প্রায় ০.৬ গিগাটন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানো সম্ভব। COP30-এ যুক্তরাজ্য ও ব্রাজিল যৌথভাবে ‘বেলেম সার-ঘোষণা’ (Belém Declaration on Fertilisers) এনেছে। অন্যতম প্রধান ধান উৎপাদনকারী ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এই উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ থাকা প্রয়োজন।

অর্থনৈতিক মুক্তির চাবি মাটির স্বাস্থ্যে

কৃষি খাতে অর্থনৈতিক মুক্তি বলতে মূলত তিনটি বিষয়কে বোঝায়—আমদানিনির্ভর সার ও ক্রমবর্ধমান ভর্তুকির চাপ থেকে মুক্তি, ঋণের ফাঁদে না পড়ে ন্যায্য জলবায়ু-সহায়তা পাওয়ার অধিকার এবং কৃষকের বাস্তব আয় বৃদ্ধি।

সুস্থ ও উর্বর মাটিতে কম সারেও বেশি ফলন পাওয়া যায়। এতে কৃষকের উৎপাদন খরচ কমে, জাতীয় বাজেটে ভর্তুকির চাপ লাঘব হয় এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সামলানোর প্রাকৃতিক শক্তি তৈরি হয়।

আন্তালিয়ার জন্য পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল মাটিকেন্দ্রিক এই পাঁচটি প্রস্তাব তুলে ধরতে পারে:

১. কৃষি আলোচনায় প্রাতিষ্ঠানিক অন্তর্ভুক্তি: SJWA বা এর পরবর্তী কৃষি কাঠামোতে ‘মাটির স্বাস্থ্য ও সুষম পুষ্টি-ব্যবস্থাপনা’কে আনুষ্ঠানিক আলোচ্যসূচি হিসেবে অন্তর্ভুক্ত করা।

২. কৃষকের জন্য সরাসরি অনুদান: প্রান্তিক ও নারী কৃষকদের গুটি ইউরিয়া ব্যবহার, সাশ্রয়ী যান্ত্রিক অ্যাপ্লিকেটর সংগ্রহ এবং স্থানীয় পর্যায়ে গুটি তৈরির ক্ষুদ্র উদ্যোগে সহজ শর্তে সরাসরি আর্থিক অনুদান প্রদান।

৩. নাইট্রোজেন-দক্ষতার জাতীয় লক্ষ্যমাত্রা: জাতীয় পর্যায়ে সারের নাইট্রোজেন-দক্ষতা বৃদ্ধির সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং আন্তর্জাতিক ‘বেলেম সার-ঘোষণা’য় আনুষ্ঠানিক অংশীদার হওয়া।

৪. গবেষণা ও তথ্যপ্রমাণে বিনিয়োগ: ধানক্ষেত থেকে মিথেন ও নাইট্রাস অক্সাইড নির্গমন সুনির্দিষ্টভাবে পরিমাপের গবেষণা জোরদার করা, যা আন্তর্জাতিক কার্বন ক্রেডিট ও ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে কার্যকর প্রমাণ হিসেবে কাজ করবে।

৫. সার ভর্তুকির অভ্যন্তরীণ সংস্কার: সনাতন ইউরিয়া ভর্তুকির একটি নির্দিষ্ট অংশ মাটি-পরীক্ষাভিত্তিক সুষম সার প্রয়োগ ও আধুনিক সার-প্রযুক্তির সম্প্রসারণে বরাদ্দ করে পাইলট প্রকল্প চালু করা।

জলবায়ু সম্মেলনে বড় বড় ভাষণ, আধুনিক প্যাভিলিয়ন আর নানামুখী আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকবে। তবে সম্মেলন শেষে মাঠের ফসলে কী ফলন আসবে, তা নির্ভর করবে মাটির প্রকৃত উর্বরতা এবং কৃষকের হাতে পৌঁছানো কার্যকর সহযোগিতার ওপর।

মাটি বাঁচলে ফসলের ফলন বাঁচবে, ফলন ভালো হলে কৃষকের আয় সুরক্ষিত থাকবে, আর কৃষক বাঁচলেই দেশের অর্থনীতি স্বাবলম্বী হবে। জলবায়ু সংকটের পুরো প্রক্রিয়ায় সবচেয়ে মৌলিক ভিত্তি হলো ‘পায়ের নিচের মাটি’। আন্তালিয়ার আলোচনার টেবিলে বিশ্বনেতাদের এই ধ্রুব সত্যটি স্মরণ করিয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

মো. হাসনাইন: মৃত্তিকা বিজ্ঞানী; প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল কনসালট্যান্ট, ইকোসিন্থ সলিউশনস। ইমেইল: ecosynthsolution@gmail.com