১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনি দৌড়ে এগিয়ে চারজন: জরিপ

রয়টার্স/ইপসোস জরিপে পরবর্তী সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে এগিয়ে থাকা এই চারজন হলেন- রিপাবলিকান জে ডি ভ্যান্স, মার্কো রুবিও এবং ডেমোক্র্যাট জন ওসফ ও পিট বুটিজেজ।

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনি দৌড়ে এগিয়ে চারজন: জরিপ

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 09:57 PM

Updated : 12 Nov 2026, 10:06 PM

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউজ দখলের লড়াই এখনও অনেকটা দূরে। তবে এরই মধ্যে সম্ভাবনাময় প্রার্থী হিসাবে আমেরিকান ভোটারদের নজর কেড়ে জরিপে শীর্ষে উঠে এসেছেন চারজন।

রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী, তারা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডেমোক্র্যাট শিবিরের জন ওসফ ও পিট বুটিজেজ।

এই চারজনের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেননি। দুই দলের ২০২৮ সালের মনোনয়ন লড়াই শুরু হতেও এক বছরের বেশি সময় বাকি।

ফলে নতুন প্রার্থীদের উঠে আসার এবং ভোটারদের মত বদলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা এখনও রয়েছে।

জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের প্রায় ৪৫ শতাংশ মনে করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট হিসেবে ‘চমৎকার’ প্রার্থী হবেন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ক্ষেত্রে একই মত দিয়েছেন ৪৩ শতাংশ ভোটার।

অন্যদিকে, ডেমোক্র্যাট ভোটারদের ২৯ শতাংশ করে সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ ও জর্জিয়ার সেনেটর জন ওসফকে ‘চমৎকার’ প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছে।

সোমবার শেষ হওয়া এই জরিপে যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন, যাদের মধ্যে প্রতিটি দলের প্রায় ৫০০ জন নিবন্ধিত ভোটার ছিলেন।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট ভোটারদের ফলের ক্ষেত্রে জরিপটিতে ত্রুটির মাত্রা (মার্জিন অব এরর) ধরা হয়েছে ৫ শতাংশ পয়েন্ট।

দুই দলের আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যার জনপ্রিয়তা এখন রাজনৈতিক জীবনের প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

রিপাবলিকানরা দ্বিধায় আছেন যে, তারা ট্রাম্পের পথ থেকে সরে আসা কাউকে চাইবেন, নাকি তার পদাঙ্ক অনুসরণকারী কাউকে বেছে নেবেন।

অন্যদিকে, ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ডেমোক্র্যাটরা বিভক্ত হয়ে পড়েছেন এই প্রশ্নে যে, অভিশংসনের মতো পদক্ষেপের মাধ্যমে তারা ট্রাম্পের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক হবেন।

ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে বেশি পছন্দ, তা নিয়ে মিত্রদের মতামত জানতে চেয়েছেন ট্রাম্প।

রোববার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রিপাবলিকান প্রাইমারিতে তিনি যে কাউকে সমর্থন দেবেনই, এমন কোনো নিশ্চয়তা নেই।

‘নিজের কাজ ঠিকঠাক সামলেছেন রুবিও’

গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়া ফ্লোরিডার আইনজীবী বারবারা রেজনার জানান, তিনি ভ্যান্সের চেয়ে রুবিওকে বেশি পছন্দ করেন। তার মতে, ভ্যান্স অতি ডানপন্থি এবং প্রেসিডেন্টের অতিমাত্রায় ঘনিষ্ঠ।

রেজনার বলেন, “রুবিও নিজের কাজটা ঠিকঠাক সামলেছেন। তিনি অতি বাম, অতি ডান বা অদ্ভুত কোনও কিছু করেননি বলেই বিতর্ক এড়িয়ে থাকতে পেরেছেন।”

রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে ঘিরে যে মৃদু কিন্তু ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে, তার মূলে রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত; যার ফলে জ্বালানির দাম বেড়ে গেছে।

দেশের শীর্ষ কূটনীতিক হওয়ার পরও ইরানের সঙ্গে এখন পর্যন্ত নিষ্ফল থাকা শান্তি আলোচনার অনেকগুলোতেই রুবিওর অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ওদিকে, জে ডি ভ্যান্সও ট্রাম্পের অবস্থান থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির কারণ ছিল ইরানের সঙ্গে যুদ্ধ।

২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও ডজনখানেক রিপাবলিকান নেতা আলোচনায় আছেন।

তাদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বেশ ভালো অবস্থানে রয়েছেন; ৩২ শতাংশ রিপাবলিকান তাকে চমৎকার বিকল্প হিসেবে দেখছেন।

এ ছাড়া ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও টেক্সাসের মার্কিন সিনেটর টেড ক্রুজের যেমন সমর্থক আছে, তেমনি সমালোচকও রয়েছে অনেক।

ওসফ ও বুটিজেজ

ডেমোক্র্যাটদের মধ্যে অনেক ভোটারের পছন্দের শীর্ষে আছেন জর্জিয়ার সেনেটর জন ওসফ; দলটির ২৯ শতাংশ নিবন্ধিত ভোটার তাকে চমৎকার প্রার্থী হিসেবে দেখছেন।

সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নজিরবিহীনভাবে সরাসরি ভাষায় ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘পদের অযোগ্য’ আখ্যা দিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন ওসফ।

গত সপ্তাহে জর্জিয়ায় তিনি ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন, যে রাজ্যে ২০২৪ সালে ট্রাম্প ২ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

বুটিজেজকেও ২৯ শতাংশ ডেমোক্র্যাট চমৎকার প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছেন। তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন এবং জাতীয় পর্যায়ে ওসফের চেয়ে বেশি পরিচিত।

প্রতি পাঁচজন ডেমোক্র্যাটের মধ্যে প্রায় একজন বলেছেন, তারা বুটিজেজের নাম শোনেননি; যেখানে ওসফের ক্ষেত্রে এই হার প্রতি তিনজনে প্রায় একজন।

রিপাবলিকানদের মধ্যে ভ্যান্সকে চেনেন না এমন ভোটার খুব কমই আছেন, তবে প্রায় প্রতি ছয়জনে একজন বলেছেন তারা রুবিওকে চেনেন না।

দুই দলের প্রার্থীদের জন্যই পরিচিতি নিয়ে নির্বাচনি লড়াই শুরু করাটা প্রচারণার খরচ বাঁচাতে সহায়ক হয়। তবে প্রচারের মাঝপথে স্বল্পপরিচিত প্রার্থীদের জনপ্রিয় হয়ে ওঠার নজিরও কম নয়, যেমনটি ঘটেছিল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষেত্রে।

ডেমোক্র্যাট শিবিরে বুটিজেজ ও ওসফ, দুজনকেই মধ্যপন্থি হিসেবে বিবেচনা করা হয়।

এই বিষয়টি দক্ষিণ ইলিনয়ের অবসরপ্রাপ্ত শূকর খামারি এড ব্লেয়ারের মতো ডেমোক্র্যাট ভোটারদের আকৃষ্ট করে। ওসফ তুলনামূলক কম পরিচিত হওয়ায় ব্লেয়ার বুটিজেজকে কিছুটা এগিয়ে রাখছেন।

ব্লেয়ার বলেন, “আমি বেশি প্রগতিশীল প্রার্থীদের চেয়ে মধ্যপন্থি প্রার্থীদেরই বেশি পছন্দ করি।”

কেন্দ্রীয় ‘মেডিকেয়ার’ স্বাস্থ্যবীমার আওতা কেবল প্রবীণদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সবার জন্য উন্মুক্ত করার মতো বড় পরিবর্তনের প্রস্তাব নিয়ে তিনি শঙ্কিত।

এর বদলে সব শিশুকে মেডিকেয়ারের আওতায় আনার মতো ধাপে ধাপে পরিবর্তনের পক্ষে ব্লেয়ার।

তিনি বলেন, “কিছু প্রগতিশীল নীতির দিকে এগোতে হলে বড় পদক্ষেপের বদলে ছোট ছোট পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে মানুষ মানিয়ে নেওয়ার সময় পায়।”

রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, অন্য পরিচিত মধ্যপন্থি নেতাদের মধ্যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাওয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, উভয়কেই ২৩ শতাংশ ডেমোক্র্যাট ‘চমৎকার প্রার্থী’ হিসেবে দেখছেন।

অন্যদিকে, প্রগতিশীল শিবিরের পরিচিত মুখ ও নিউ ইয়র্কের মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজকে চমৎকার প্রার্থী মনে করেন ১৫ শতাংশ ডেমোক্র্যাট।

মধ্যবর্তী নির্বাচনের পর সিএনএন-কে ওকাসিও-করতেজ বলেছেন, ট্রাম্পকে অভিশংসনের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।

বিপরীতে নিউ ইয়র্কার সাময়িকীকে বুটিজেজ বলেছেন, অভিশংসনের বিষয়ে তিনি ‘খুব একটা আগ্রহী নন’।

তবে ২০২৮ সালের নির্বাচনের এত আগে জনমতের এই চিত্রকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন ডেমোক্র্যাটিক কৌশলবিদ এলেইন কামার্ক।

তিনি বলেন, “সেটি এখনো অনেক দূরের পথ। দুই দলেই এমন অনেক মানুষ আছেন যারা এখনও সিদ্ধান্তই নেননি যে, তারা প্রার্থী হবেন কি না। কে প্রার্থী হবেন তা হয়ত অনুমান করা যায়, কিন্তু কে এগিয়ে থাকবেন তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।”