পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার
ন্যাটালি বেকার বর্তমানে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের স্থায়ী 'চার্জ দ্য অ্যাফেয়ার্স' হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাবটি অনুমোদনের জন্য মার্কিন সেনেটে পাঠানো হয়েছে।
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের ঘোষণা অনুযায়ী, এখন তার নিয়োগ সেনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
হোয়াইট হাউজ বলেছে, "টেক্সাসের বাসিন্দা এবং পেশাদার উচ্চপদস্থ কূটনীতিক ন্যাটালি বেকারকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।"
যুক্তরাষ্ট্র সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাবটি অনুমোদনের জন্য সেনেটে পাঠিয়েছে। ন্যাটালি বেকার বর্তমানে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের স্থায়ী 'চার্জ দ্য অ্যাফেয়ার্স' (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৫ সালের জানুয়ারিতে তিনি এই দূতাবাসে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে গত মাসে তাকে স্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া হয়।
বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং আঞ্চলিক নানা বিষয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই বেকারকে রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়ার এই সিদ্ধান্ত হল।
ডনাল্ড ব্লুম ছিলেন পাকিস্তানের সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত। তিনি ২০২৫ সালের জানুয়ারি মাসে এই পদ ছেড়ে দেন।
ন্যাটালি বেকার পাকিস্তানে যাওয়ার আগে ২০২১ সালের অগাস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের দোহায় মার্কিন দূতাবাসে 'ডেপুটি চিফ অব মিশন' (উপ-দূতাবাস প্রধান) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তারও আগে, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের 'নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরো'র উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক ছিলেন।
তার আগের কাজের অভিজ্ঞতার মধ্যে রয়েছে, লিবিয়ায় মার্কিন মিশনের 'ডেপুটি চিফ অব মিশন' (উপ-দূতাবাস প্রধান) ও 'চার্জ দ্য অ্যাফেয়ার্স' (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন।
দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের 'ইরান রিজিওনাল প্রেজেন্স অফিস'-এর উপ-পরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের 'ইকোনমিক কাউন্সেলর' হিসেবেও তিনি কাজ করেছেন।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত যখন যুক্তরাষ্ট্র ও লিবিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হচ্ছিল, তখন ন্যাটালি বেকার লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১১ সালের লিবিয়ার বিপ্লবের কারণে মার্কিন দূতাবাস থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য না হওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেছিলেন।
তার অন্যান্য কাজের অভিজ্ঞতার মধ্যে রয়েছে নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে বিশেষ সহকারী হিসাবে, ইসলামাবাদে 'কনস্যুলার অফিসার' এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন।
