যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু
পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত এই কূটনীতিক ২০২৫ সালের মার্চে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, দারচিয়েভ ‘আকস্মিকভাবে মৃত্যুবরণ’ করেছেন। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
দারচিয়েভকে একজন ‘ব্যতিক্রমী পেশাদার’ হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, “আলেক্সান্ডার দারচিয়েভ রুশ পররাষ্ট্রনীতির অন্যতম জটিল ও সংবেদনশীল একটি ক্ষেত্রে দায়িত্ব পালন করে গেছেন।”
তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।
পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত অভিজ্ঞ এই কূটনীতিক ২০২৫ সালের মার্চে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সূচনা করা এবং ইউক্রেইনকে সহায়তা কমিয়ে দেওয়ার পর দারচিয়েভের সময়েই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে কিছুটা বরফ গলতে শুরু করেছিল।
যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাসের তথ্যানুযায়ী, এই পদে দায়িত্ব নেওয়ার আগে দারচিয়েভ ওয়াশিংটনে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।
তাছাড়া, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
