১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বনেতাদের সামনে শি জিনপিংয়ের ভাষণ চলাকালে ঘুমালেন ট্রাম্প

পূর্বসূরি জো বাইডেনকে বলতেন  ‘ঘুমকাতুরে জো', অথচ বিশ্বনেতাদের সামনে এবার নিজেই ঘুমিয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বিশ্বনেতাদের সামনে শি জিনপিংয়ের ভাষণ চলাকালে ঘুমালেন ট্রাম্প

 ঘুমাচ্ছেন ট্রাম্প। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:56 PM

Updated : 19 Nov 2026, 06:58 PM

চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের প্লেনারি সেশনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ ভাষণ চলাকালেই চেয়ারে বসে চোখ বুজে ঘুমিয়ে পড়তে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক আগমুহূর্তে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার এই দৃশ্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্মেলনের ভিডিও ফুটেজে দেখা যায়, শি জিনপিং যখন এই অঞ্চলের জন্য তার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরছিলেন, তখন ৮০ বছর বয়সী ট্রাম্প ঘুমে ঢুলছিলেন। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তাকে ঘুমাতে দেখা যায়। তার মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে ছিল।

ফুটেজে আরও দেখা যায়, শি জিনপিং যখন চীনা ভাষায় বক্তব্য দিচ্ছিলেন, তখন ট্রাম্প আসনে বসে ছিলেন। এক পর্যায়ে তার চোখের পাতা সামান্য নড়ে ওঠে এবং চোখ কিছুটা খুলতে দেখা যায়। বোঝা যাচ্ছিল ঘুম তাড়াতে চোখ খোলার চেষ্টা করছিল তিনি।

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, চায়না সেন্ট্রাল টেলিভিশনের ধরা পড়া ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের মতো সমালোচকেরা ভিডিওটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেছে।

ট্রাম্পের বয়স নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে; জনসম্মুখে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে ক্ষণিকের জন্য ঝিমাতে বা ঘুমিয়ে পড়তে দেখার বেশ কয়েকটি আলোচিত ঘটনার পর এই আলোচনা আরও জোরালো হয়েছে।

জনসম্মুখে ঘুমিয়ে পড়ার বিষয়টি ট্রাম্প সবসময়ই জোরালোভাবে অস্বীকার করে এসেছেন; জানুয়ারিতে এ ধরনের দাবির জবাবে তিনি বলেছিলেন যে, বৈঠকগুলো তার কাছে 'আরামদায়ক' মনে হয় এবং দাবি করেছিলেন যে, তিনি 'চোখের পলক ফেলছিলেন মাত্র।

অথচ সেই ট্রাম্পই তার চেয়ে তিন বছরের বড় পূর্বসূরি জো বাইডেনের কঠোর সমালোচনা করেছিলেন। তিনি প্রায়ই বাইডেনকে ‘ঘুমকাতুরে জো’ ( স্লিপি জো ) বলে সম্বোধন করতেন এবং তার কর্মশক্তি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

বাইডেনকে নিয়ে ট্রাম্পের এই উপহাসের পরও ২০২৫ সাল থেকে জনসম্মুখে তার ঝিমিয়ে পড়ার ভিডিও ক্লিপগুলো বারবার ছড়িয়ে পড়েছে; ফলে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস একবার তাকে 'ডোজি ডন' (ঝিমুনি ডন) বলে কটাক্ষ করেছিল।

ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ২০২৫ সালের জানুয়ারিতে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি জো বাইডেনের রেকর্ড ভাঙেন এবং বর্তমানে ৮০ বছর বয়সে দায়িত্ব পালন করছেন।