টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি
“অর্ধেক কাভারেজের ফলাফল আসা খুবই বড় ঘটনা। এমন কিছু হওয়ার কথা ছিল না,” বলেন মুশতাক হোসেন।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই গত বছর যে টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন বা টিসিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে, তার ‘কাভারেজ’ আসলে কত?
ইপিআই বলছে, তাদের এই টিকার ‘কাভারেজ’ (অ্যাডমিনিস্ট্রেটিভ কাভারেজ) ৯৭ দশমিক ৩ শতাংশ। তবে একটি গবেষণা প্রতিষ্ঠানকে দিয়ে যে মূল্যায়ন জরিপ করা হয়েছে, তাতে উঠে এসেছে উল্টো চিত্র।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) টিসিভি টিকার ‘কাভারেজ’ পেয়েছে ৫১ শতাংশ।
ইপিআইয়ের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে নিরপেক্ষ এই ‘কাভারেজ’ মূল্যায়ন করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ক্ষেত্রে এটি অনেক বড় ঘটনা। গবেষণার বিভিন্ন সীমাবদ্ধতা অথবা ‘ভূয়া রিপোর্টিংয়ের’ কারণে এমন ফলাফল আসতে পারে।
সোমবার ইপিআইয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত এক সভায় মূল্যায়ন জরিপের ফল তুলে ধরে সিআইপিআরবি। স্বাস্থ্য অধিদপ্তর ‘কাভারেজ’ মূল্যায়নের ফল গ্রহণ করার আগে প্রকাশ না করার সিদ্ধান্ত হয় এ সভায়।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, স্বাস্থ্য অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠানের সদস্য ও ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইপিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টিসিভি টিকার ক্যাম্পেইন হয়। এই ক্যাম্পেইনে ৪ কোটি ২৫ লাখের মতো টিকা মাঠ পর্যায়ে দেওয়া হয়, তাতে ‘কাভারেজ’ আসে ৯৭ দশমিক ৩ শতাংশ।
পরে সিআইপিআরবিকে ‘কাভারেজ’ মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়। দেশের ২৭ হাজার ৯১০ জন শিশুর সাক্ষাৎকার গ্রহণ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে টিকা পেয়েছে ৫১ শতাংশ এবং টিকা পায়নি ৪৯ শতাংশ।
এ হিসাব ধরে সিআইপিআরবি বলছে, টিকা না পাওয়া শিশু ইপিআইয়ের দেখানো মোট ‘কাভারেজের’ প্রায় অর্ধেক।
তাদের জরিপ প্রতিবেদন থেকে জানা যায়, ৬৪ জেলা, ১২ সিটি করপোরেশন এবং চারটি বস্তি এলাকার ২৭ হাজার ৯১০ শিশুর সাক্ষাৎকার নেওয়া হয়। এটি থেকে ৫১ শতাংশ ‘কাভারেজের’ তথ্য পাওয়া যায়।
এর মধ্যে গ্রামাঞ্চলে ৫৩ দশমিক ৭ শতাংশ এবং শহরাঞ্চলে ৪২ দশমিক ৩ শতাংশ ‘কাভারেজের’ তথ্য উঠে এসেছে।
বিভাগীয় পর্যায়ে টিকা কাভারেজের তথ্যে বলা হয়, রাজশাহী বিভাগে টিকাদানের হার সবচেয়ে বেশি, ৬১ দশমিক ৭ শতাংশ।
এছাড়া রংপুর বিভাগে ৬১ দশমিক ৪ শতাংশ, খুলনা বিভাগে ৫৭ দশমিক ১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৪৯ দশমিক ৯ শতাংশ, সিলেট বিভাগে ৪৬ দশমিক ৯ শতাংশ, বরিশাল বিভাগে ৪৫ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৪৪ দশমিক ২ শতাংশ এবং সর্বনিম্ন ঢাকা বিভাগে ৪২ দশমিক ৫ শতাংশ শিশু টিকা পেয়েছে।
টিকা গ্রহণ না করার কিছু কারণ উঠে এসেছে তাদের প্রতিবেদনে। তার মধ্যে স্কুলে যাওয়া শিশুদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় সবচেয়ে বড় কারণ ছিল। আর স্কুলের বাইরে থাকা শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল টিকা দেওয়ার সময় সম্পর্কে না জানা।
কাভারেজ মূল্যায়ন সভা এবং বিশেষজ্ঞ মতামত
সোমবার সকালে ইপিআই কার্যালয়ে টিসিভি ক্যাম্পেইন মূল্যায়ন জরিপের চূড়ান্ত ফলাফল উপস্থাপন এবং খসড়া প্রতিবেদন পর্যালোচনা ও বিশ্লেষণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সেখানে গবেষণার ত্রুটি নিয়ে সেভাবে কোনো প্রশ্ন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে সবাই মতামত দেন। এর আগে ৮ নভেম্বর ইপিআইয়ে ফলাফল নিয়ে একটি সভা হয়।
নাম প্রকাশ না করে সভায় উপস্থিত থাকা একজন কর্মকর্তা বলেন, “গবেষণা নিয়ে সেভাবে প্রশ্ন উঠেনি। কাভারেজ ৫১ শতাংশই মেনে নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি গ্রহণ করার পর ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়।”
স্বাস্থ্য অধিদপ্তর ফলাফল গ্রহণের পর ‘কাভারেজ’ উন্মুক্ত করা হবে বলে জানান সভা উপস্থিত থাকা আরেকজন কর্মকর্তা, যিনি মূল্যায়ন জরিপের কাজে যুক্ত ছিলেন।
টিসিভি টিকার এই ‘কাভারেজ’ মূল্যায়ন বিষয়ে রোগতত্ত্ববিদ ও জাতীয় হাম-রুবেলা নির্মূল যাচাই কমিটি-এনভিসির চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, “এই ধরনের ফলাফল দুই কারণে আসতে পারে। যার মধ্যে গবেষণার বিভিন্ন বিষয়ে সীমাবদ্ধতা অথবা টিকার ভূয়া রিপোর্ট প্রদান রয়েছে। কোনটি হয়েছে, সেটি বলা যাচ্ছে না।”
তিনি বলেন, “সব টিকা ক্যাম্পেইনের পর কাভারেজ মূল্যায়ন করা হয়। অনেক আগে কাভারেজ মূল্যায়নে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ কাভারেজের’ চেয়ে মূল্যায়নে আরও বেশি আসত। বর্তমানে যেটা উল্টো হচ্ছে।”
রোগ তত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, “অর্ধেক কাভারেজের ফলাফল আসা খুবই বড় ঘটনা। এমন কিছু হওয়ার কথা ছিল না। এমন ফলাফল এসেছে, মানে আমাদের গবেষণা এবং টিকাদানের পুরো বিষয়টি রিভিউ করতে হবে- কোন জায়গায় আসলে ত্রুটি হয়েছে সেটি বের করার জন্য।”
নাম প্রকাশ না করে ইপিআইয়ের সাবেক একজন কর্মকর্তা বলেন, “ঠিকমতো বেতন-ভাতা না হওয়ায় মাঠ পর্যায়ে টিকা কর্মীদের ক্ষোভ রয়েছে। যার ফলে কোনো টিকা ক্যাম্পেইন সঠিক হচ্ছে না। তাই টিকার কাভারেজ এমন হয়েছে।”
এছাড়া ইপিআইয়ে কর্মী সংকট সব ক্যাম্পেইনে নেতিবাচক প্রভাব ফেলছে, বলেন তিনি।
তবে ইপিআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হাসানুল মাহমুদ ও সহকারী পরিচালক মোহাম্মদ সাব্বির হায়দার দুজনই ফলাফলের বিষয়টি স্বীকার করেননি।
তারা বলেন, ‘অফিসিয়াল’ কোনো ফলাফল এলে সেটা সবাইকে জানানো হবে।
