উচ্চ রক্তচাপ নিয়ে প্রজ্ঞার কর্মশালা
“সরকার স্বাস্থ্য বাজেট বাড়ালেও, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন অর্থায়নের ঘাটতি রয়েছে,” বলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক এনামুল হক।
‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শিরোনামে কর্মশালা করেছে অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।
বুধবার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়েছে বলে প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. এনামুল হক বলেন, সরকার স্বাস্থ্য বাজেট বাড়ালেও, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন অর্থায়নের ঘাটতি রয়েছে। চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।
প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার বলেন, বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি ‘আশঙ্কাজনক হারে বাড়ছে’। ২০২৪ সালে দেশে হৃদরোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মারা গেছেন, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ।
কর্মশালায় প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল বলেন, বাংলাদেশে বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু হয় বিভিন্ন অসংক্রামক রোগে, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ এবং এর ১৯ শতাংশই অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। অথচ বিশ্বব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় জিএইচএআই এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম ও বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) কনভেনর মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের ও চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম উপস্থিত ছিলেন।
