২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার’ অ্যাওয়ার্ড জিতল আইপিডিসি

“এই অর্জন আমাদের জন্য গৌরবময় একটি মুহূর্ত,” বলেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:18 AM

Updated : 24 Nov 2026, 12:18 AM

‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার-এশিয়া’ জিতেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

সিঙ্গাপুরে চলতি বছরের গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডসে এই পুরস্কার জয়ের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইপিডিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডসের আয়োজন করেছে এসএমই ফাইন্যান্স ফোরাম। এসএমই অর্থায়নে নেতৃত্ব, উদ্ভাবন এবং ভূমিকা পালনকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখানে স্বীকৃতি দেওয়া হয়।

“যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন এসএমই খাত এবং আর্থিক সেবার বিকাশে কাজ করছে তাদের ‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।”

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এই অর্জন আমাদের জন্য গৌরবময় একটি মুহূর্ত, যা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি আমাদের চেষ্টাকে আবারও তুলে ধরেছে।

“এসএমইগুলোর পাশে দাঁড়ানো মানে কেবল ঋণ বা অর্থায়ন দেওয়া নয়, বরং উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গঠন, কর্মসংস্থানের তৈরির সুযোগ এবং দেশের উন্নয়নে অর্থবহ ভূমিকা রাখার পথ তৈরি করে দেওয়া।”