ফিনটেক অ্যাওয়ার্ড পেল আইপিডিসি ফাইন্যান্স
‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-এনবিএফআই’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে কোম্পানিটি।
গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর সেবা ও বিশেষ সুবিধা চালুর স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-এনবিএফআই’ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “উচ্ছ্বাস কার্ডের মাধ্যমে গ্রাহকরা রেস্তোরাঁ, হোটেল ও রিসোর্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভ্রমণ, ইলেকট্রনিকস, লাইফস্টাইল এবং ডিজিটাল বিনোদনসহ বিভিন্ন খাতে ছাড় ও বাড়তি সুবিধা পাচ্ছেন। গত মে মাসে চালু হওয়া এ কার্ডের লক্ষ্য হল আর্থিক সেবার পাশাপাশি গ্রাহকদের দৈনন্দিন জীবনেও বাড়তি সুবিধা নিশ্চিত করা।”
এ উদ্যোগ চালুর পর এখন পর্যন্ত এর আওতায় ৪০০ এর বেশি গ্রাহককে সেবা দেওয়া হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা বিশ্বাস করি, আর্থিক সেবা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে গ্রাহকদের বাড়তি সুবিধাও নিশ্চিত করা সম্ভব।
“উচ্ছ্বাস কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম গ্রাহকদের প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করতে প্রযুক্তির ব্যবহারের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এ স্বীকৃতি গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী নতুন ও কার্যকর সেবা চালু করার ক্ষেত্রে আমাদের আরও উৎসাহিত করবে বলে বিশ্বাস করি।”
