পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা
গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করছে।
গ্রাহকদের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-১ শাখাটি নতুন করে ইসলামী ব্যাংকিং শাখা নামে উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শফিউল আলম খান চৌধুরী বলেন, “ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক সেবা নয়; এটি নৈতিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত একটি ব্যাংকিং ব্যবস্থা। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করছে।
“গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখার যাত্রা শুরুর ফলে এ অঞ্চলের গ্রাহকরা শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আরও সুযোগ পাবেন। গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে এ শাখা একটি নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা কেন্দ্রে পরিণত হবে।”
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মনজুর, ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আবদুর রকীব, ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক ও শরিয়াহ প্রধান মো. কামারুজ্জামান এবং মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক কাজী শাশ্বতী ইসলাম উপস্থিত ছিলেন।
