নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু
“নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ অ্যাপে যুক্ত হয়েছে বায়োমেট্রিক লগইন সুবিধা।
রোববার সন্ধ্যায় নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে নগদ গ্রাহকেরা প্রতিবার পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে লগইন করতে পারবেন। গ্রাহকের হ্যান্ডসেট ডিভাইসের সক্ষমতা অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডেটা তার নিজস্ব মোবাইল ফোনেই সংরক্ষিত থাকবে।
“নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না। এর ফলে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।”
আরও বলা হয়, “নগদ রেগুলার ও নগদ ইসলামিক উভয় ধরনের অ্যাকাউন্টেই গ্রাহকরা এই সুবিধা পাবেন। বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করতে গ্রাহককে প্রথমে নগদ অ্যাপে পিন দিয়ে লগইন করতে হবে। এরপর ‘মাই নগদ’ অপশন থেকে ‘বায়োমেট্রিক লগইন’ নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে। একবার পিন দিয়ে যাচাই সম্পন্ন করলেই ‘বায়োমেট্রিক লগইন’ সুবিধাটি চালু হয়ে যাবে।”
নগদের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, “গ্রাহকরা এখন থেকে নগদ অ্যাপ ব্যবহারের সময় বারবার পিন দেওয়ার জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকদের তথ্য ও অর্থের নিরাপত্তা অনেকাংশে বাড়িয়ে দেবে।”
