ব্যবহারকারীদের জন্য ‘ফর ইউ’ ফিড আনছে রেডিট
ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে হোম ফিডকে দুটি আলাদা ভাগে ভাগ করা হচ্ছে। একটি ‘ফর ইউ’ ও অন্যটি ‘ফলোয়িং’।
অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট দেখাতে জোর দিতে নিজেদের প্রধান ফিডে বেশ কিছু পরিবর্তন আনছে সামাজিক মাধ্যম রেডিট।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে হোম ফিডকে দুটি আলাদা ভাগে ভাগ করা হচ্ছে। একটি ‘ফর ইউ’ ও অন্যটি ‘ফলোয়িং’।
‘ফর ইউ’ অংশে প্ল্যাটফর্মটির নিজস্ব অ্যালগরিদমের সুপারিশ করা বা পছন্দের সম্ভাব্য বিভিন্ন পোস্ট দেখানো হবে।
অন্যদিকে ‘ফলোয়িং’ ট্যাবে ব্যবহারকারীর পছন্দসই সাবরেডিটগুলোর সর্বশেষ পোস্ট দেখতে পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এ পরিবর্তনের ফলে রেডিটের কেন্দ্রীয় ফিডটি অন্যান্য মূলধারার সামাজিক মাধ্যমগুলোর মতোই দেখাবে।
এতদিন পর্যন্ত ব্যবহারকারীর যোগ থাকা সাবরেডিটের হালনাগাদ তথ্যের সঙ্গেই রেডিট তাদের পছন্দসই নানা সুপারিশ করা পোস্ট একসঙ্গে মিলিয়ে দেখাত।
কোম্পানিটি বলেছে, নতুন ‘ফর ইউ’ বিভাগটির মূল লক্ষ্য ব্যবহারকারীদের ‘এমন কিছু প্রাসঙ্গিক কমিউনিটি ও আলোচনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যা হয়ত তারা অনুসন্ধানে পেতেন না।”
নতুন এই ফিচার চালুর পর প্রথম অ্যাপে প্রবেশ করলে ডিফল্টভাবে ‘ফর ইউ’ ফিডটি খুলবে।
তবে পরবর্তীতে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী সবশেষ যে ফিডটি চালু রেখেছিলেন পরেরবার অ্যাপে প্রবেশের সময় সেটাই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
মূল ফিডে পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আরও বেশি সক্রিয় রাখার আশা করছে রেডিট।
কোম্পানিটির প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান বলেছেন, তিনি ব্যবহারকারীদের রেডিটে ফিরে আসার প্রক্রিয়াকে আরও সহজ করতে চান। সে লক্ষ্যে পুরনো হলেও প্রাসঙ্গিক এমন পোস্টগুলো বেশি করে ব্যবহারকারীদের সামনে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে প্ল্যাটফর্মটি।
কয়েক বছর আগের জনপ্রিয় বিভিন্ন থ্রেডের পোস্টগুলোকে অডিও ও ভিডিও কনটেন্টে রূপ দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রমও শুরু করেছে কোম্পানিটি।
তবে জনপ্রিয় এসব পোস্টগুলোকে তারা টিকটকের মতো ফুল-স্ক্রিন স্ক্রল করা যায় ফিডে এখনই অন্তর্ভুক্ত করছে না।
ফিড পরিবর্তনের ঘোষণা দিয়ে ব্লগে রেডিট বলেছে, অ্যাপের মাধ্যমে যেন স্বাচ্ছন্দ্যে ঘুরে আসা যায় ও ‘মানুষ যাতে আরও ভালোভাবে রেডিট ব্যবহার করতে পারে, সে উপায়ের ওপর গবেষণা অব্যাহত রাখা হবে’।
প্লাটফর্মের অ্যালগরিদমের সুপারিশকৃত কনটেন্টগুলো যেন ব্যবহারকারীর পছন্দের সঙ্গে নিখুঁতভাবে মেলে সে জন্য মতামত দেওয়ার সুযোগ রাখার কাজ চলছে।
