আইওএস ও অ্যান্ড্রয়েডে আলাদা শপিং অ্যাপ আনল টিকটক
অ্যাপটির ভেতরে সরাসরি ফ্লাইট ও হোটেলসহ ট্রাভেল বুকিং সেবা গ্রহণের সুবিধাও যোগ করা হচ্ছে।
মূল অ্যাপ থেকে আলাদা করে স্বতন্ত্র এক অ্যাপ উন্মোচন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম টিকটক।
‘টিকটক শপ’ নামের নতুন এই অ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় গ্রাহকদের জন্যই চালু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
প্রথম এই পরিবর্তন লক্ষ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম পরামর্শক ম্যাট নাভারা।
বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপিন্সসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে অ্যাপটির সুবিধা পাওয়া যাচ্ছে।
গ্রাহকদের কাছে টিকটকের মাধ্যমে পণ্য বেচাকেনা বেশ জনপ্রিয়। ফলে ক্ষেত্রটিকে আলাদা অ্যাপ আকারে আরও বড় করা যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
নতুন অ্যাপটিকে টিকটকের কেনাকাটার সুবিধার পরিমার্জিত ও সহজ সংস্করণ বলা চলে। এতে ব্যবহারকারীদের পছন্দ অনুসারে ব্যক্তিগতকৃত পণ্যের সুপারিশ করা হবে।
পাশাপাশি, গ্রাহকরা সরাসরি লাইভস্ট্রিম ও ছোট ভিডিওর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। গ্রাহকদের আকৃষ্ট করতে এতে থাকছে বিশেষ কিছু সুবিধাও।
এর মধ্যে বিনামূল্যে পণ্য পৌঁছে দেওয়ার জন্য বিশেষ অফার অন্তর্ভুক্ত রয়েছে। কেনাকাটা নিরাপদ করতে অ্যাপটি ‘নিরাপদ চেকআউটের জন্য সুরক্ষিত পেমেন্ট’-এর প্রতিশ্রুতি দিচ্ছে।
টিকটকের স্বতন্ত্র অ্যাপ চালুর পদক্ষেপে ইঙ্গিত মেলে, টিকটক এবার অন্যান্য জনপ্রিয় ই-কমার্স অ্যাপগুলোর সঙ্গে আরও সরাসরি প্রতিযোগিতা করতে যাচ্ছে।
বিশ্বের অন্যান্য অঞ্চলে অ্যাপটি কবে নাগাদ চালু হবে বা এটা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আসবে কি না সে বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু বলেনি টিকটক।
যুক্তরাষ্ট্রের ‘টিকটক’ আর বিশ্বজুড়ে পরিচালিত ‘টিকটক’ মূল পরিচালনা ও কাঠামোগত দিক থেকে দুটি ভিন্ন কোম্পানি।
যুক্তরাষ্ট্রে স্বতন্ত্র এই শপিং অ্যাপটি চালুর কোনো পরিকল্পনা রয়েছে কি না সে বিষয়ে এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টিকটক।
এদিকে, মার্কিন বাজারে টিকটকের নিজস্ব প্ল্যাটফর্মটিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন ফিচার। সম্প্রতি প্ল্যাটফর্মটি যে কোনো পোস্টে সরাসরি ভয়েস কমেন্ট বা অডিও মন্তব্যের সুবিধা চালু করেছে।
পাশাপাশি, অ্যাপটির ভেতরে সরাসরি ফ্লাইট ও হোটেলসহ ট্রাভেল বুকিং সেবা গ্রহণের সুবিধাও যোগ করা হচ্ছে।
