২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়

পরপর দুই ম্যাচে হেরে প্রথম রাউন্ডেই থামল লিওনেল মেসির দলের শিরোপা ধরে রাখার অভিযান।

শেষ সময়ে গোল হজম করে মায়ামির বিদায়

জালের দেখা পেলেন না লিওনেল মেসি, হার এড়াতে পারল না ইন্টার মায়ামি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 01:37 PM

Updated : 28 Nov 2026, 01:37 PM

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় টিকে থাকতে জিততেই হতো ইন্টার মায়ামির। কিন্তু বেশ কিছু সুযোগ পেলেও সেটি করতে পারল না তারা। উল্টো যোগ করা সময়ের গোলে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে এমএলএস কাপ প্লে-অফের সেমি-ফাইনালে উঠল কলম্বাস ক্রু।

ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে ১-০ গোলে জেতে কলম্বাস। এর আগে প্রথম ম্যাচ ৩-০ গোলে জিতেছিল তারা। তাতে 'বেস্ট অব থ্রি' সিরিজটি ২-০ ব্যবধানে জিতে ইস্টার্ন কনফারেন্সের শেষ চারে জায়গা করে নেয় দলটি।

আর পরপর দুই ম্যাচে হেরে প্রথম রাউন্ডেই থামল লিওনেল মেসির দলের শিরোপা ধরে রাখার অভিযান।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় টাইব্রেকারের পথেই ছিল খেলা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আনাস জারুরির ক্রস থেকে জয়সূচক গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান সান্তিয়াগো রদ্রিগেস।

মায়ামির সামনে ছিল ২০১১-১২ মৌসুমে এলএ গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুবার এমএলএস কাপ জয়ের হাতছানি। কিন্তু প্রথম রাউন্ডেই পরপর দুই ম্যাচ হেরে হতাশায় শেষ অভিযান।

পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। ম্যাচের ২২ মিনিটে মেসির একটি ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জার্মান বারতেরামের শটও রুখে দেন কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টি।

বিরতির পর এগিয়ে যাওয়ার বড় সুযোগ তৈরি করে সফরকারীরা। মেসির নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে পাঠান কাসেমিরো। কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি।

এরপর খুব কাছ থেকে হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি বারতেরামে। শেষ পর্যন্ত যোগ করা সময়ে রদ্রিগেসের গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।