গালির ভিডিও ভাইরাল: ক্ষমা চাইলেন সাবালেঙ্কা
একই সঙ্গে প্রতিপক্ষ ইউক্রেইনের এলিনা স্ভিতোলিনাকে অপমান করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেলারুশের এই তারকা।
ডব্লিউটিএ ফাইনালসে ইউক্রেইনের এলিনা স্ভিতোলিনার বিপক্ষে হারের ম্যাচে গালিগালাজ করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষমা চেয়েছেন আরিনা সাবালেঙ্কা। তবে প্রতিপক্ষকে অপমান করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেলারুশের এই তারকা।
সামাজিক মাধ্যমে শনিবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, স্ভিতোলিনার কাছে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারের ম্যাচে সাবালেঙ্কা রাগান্বিত হয়ে অঙ্গভঙ্গি করছেন এবং রুশ ভাষায় গালিগালাজ করছেন।
র্যাঙ্কিংয়ের দুই নম্বর এই খেলোয়াড়ের মন্তব্য স্ভিতোলিনা বা সামগ্রিকভাবে ইউক্রেইনের মানুষদের প্রতি অপমান হিসেবে ব্যাখ্যা করেন কয়েকজন ধারাভাষ্যকার।
পরবর্তীতে সামাজিক মাধ্যমে সাবালেঙ্কা লেখেন, “আমার মন্তব্যটি এলিনার উদ্দেশ্যে ছিল না।” তার দাবি, কিছু দর্শকের আচরণের কারণে মেজাজ হারিয়ে ফেলেছিলেন তিনি।
“দর্শকদের একটি ছোট অংশের আচরণে আমি হতাশ ছিলাম, যারা আমার ভুলগুলোর সময় আক্রমণাত্মকভাবে উল্লাস করছিল। সেই মুহূর্তে আমি আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি।
“তবে আমার হতাশা অন্যভাবে সামলানো উচিত ছিল। যারা এতে কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি আমি।”
সাবালেঙ্কা বলেন, স্ভিতোলিনা দারুণ খেলেছেন। টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাকে শুভকামনাও জানান চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ২৬ বছর বয়সি এই তারকা।
ইউক্রেইনের খেলোয়াড়দের দীর্ঘদিনের একটি নীতি হলো, তাদের দেশে চলমান আগ্রাসনের কারণে তারা রুশ বা বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন না। এছাড়াও, তারা ম্যাচের আগে ওই দুই দেশের প্রতিপক্ষের সঙ্গে কোনো যৌথ ছবিও তোলেন না।
তবে স্ভিতোলিনা আশা প্রকাশ করেছেন যে, তাদের মধ্যকার ম্যাচগুলোকে যেন যথাযথ ‘সম্মান’ দেওয়া হয়। সামাজিক মাধ্যমে সাবালেঙ্কার ক্ষোভ প্রকাশের ভাইরাল ভিডিওগুলো দেখেছেন বলে জানান তিনি।
