০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কেনাকাটায় নভোএয়ারের ‘বোর্ডিং পাস’ দেখালে ছাড়

“ভ্রমণ শেষে যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা পান, সেজন্য এ উদ্যোগ,” বলেন নভোএয়ারের পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 11:49 PM

Updated : 05 Nov 2026, 11:49 PM

যাত্রীদের জন্য ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

লাইফস্টাইল ও ফ্যাশন ব্যান্ড, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস পণ্যের দোকানে কেনাকাটায় এটি দেখালে বিভিন্ন ছাড় ও সুবিধা মিলবে।

বৃহস্পতিবার নভোএয়ারের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা তুলে ধরা হয়েছে।

সেখানে বলা হয়, নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে বোর্ডিং পাস প্রদর্শনের মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এ সেবা উপভোগ করতে পারবেন।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, “নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য উদ্ভাবনী নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি।

“ভ্রমণ শেষে যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর আগে নভোএয়ার দেশের প্রথম ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে।”

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।