২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

টয়োপ অ্যাওয়ার্ড পেলেন জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 01:06 AM

Updated : 26 Oct 2026, 01:06 AM

জেসিআই বাংলাদেশের পক্ষ থেকে স্বেচ্ছাসেবা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘টয়োপ ২০২৬’ অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জহিরুল ইসলাম ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পাশাপাশি তিনি মাতৃভূমি গ্রুপের পরিচালক এবং মাতৃভূমি হার্ট কেয়ার ও মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইগনাইট সংস্থাটির তথ্য অনুযায়ী, বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বিস্তারে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অন্যতম উদ্যোগ ইগনাইট স্কুল। এ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত ১ হাজার ২০০ বেশি শিক্ষার্থী বিনা মূল্যে শিক্ষার সুযোগ পেয়েছে। বর্তমানে ১৫৫ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য থেরাপি সেবা প্রদানেও কাজ করছে সংস্থাটি।

এ ছাড়া ‘স্বাবলম্বী’ উদ্যোগের আওতায় ১৫৮টি পরিবারকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন।

জহিরুল ইসলাম ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান এবং টেকসই সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

২০১৬ সালের ২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন শিক্ষা, যুব উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, জীবিকা উন্নয়ন এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করছে।