০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছিল।

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:32 PM

Updated : 09 Nov 2026, 09:32 PM

এক মাস পর মূল্যস্ফীতির পারদ কিছুটা নেমে অক্টোবরে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছির ৮ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।

অক্টোবরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২৭ শতাংশ মূল্যস্ফীতির মানে হচ্ছে–২০২৫ সালের অক্টোবরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা এখন কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৭ পয়সা।

দেশে ২০২৫ সালের অক্টোবরে মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ১৭ শতাংশ হারে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছিল। পরের মাস অক্টোবরেই তা নিম্মমুখী হওয়ার তথ্য দিল বিবিএস।

জুলাইয়ে ৮ দশমিক ৩২ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে শুরু হয়েছিল ২০২৬-২৭ অর্থবছর। অগাস্টে তা কিছুটা কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছিল।

আর গত ২০২৫-২৬ আর্থিক বছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৯ দশমিক ১৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।

বিবিএসের তথ্যে দেখা যায়, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমেছে; বেড়েছে খাদ্যবহির্ভুত মূল্যস্ফীতি। এই মাসে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।

তবে খাদ্যবহির্ভুত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে উঠেছে।

২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছে সরকার।

গ্রামের পাশাপাশি শহরেও কমেছে

অক্টোবরে শহরের পাশাপাশি গ্রামেও কমেছে মূল্যস্ফীতি। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এই মাসে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ।

আগের মাস সেপ্টেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১৮ শতাংশ; খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।

অন্যদিকে অক্টোবর মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ; খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ।

সেপ্টেম্বরে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ২৬ শতাংশ। যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ; খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৯৪ শতাংশ।

মজুরি সূচকও কমেছে

মূল্যস্ফীতির পাশাপাশি মজুরি সূচকও কমেছে অক্টোবরে। এই মাসে জাতীয় গড় মজুরির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অগাস্টে ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ।

এর মানে হল–অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমলেও মজুরি হারের চেয়ে বেশিই রয়ে গেছে।

মূল্যস্ফীতির চেয়ে মজুরি বা আয় কম বাড়লে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। প্রকৃত আয় কমে যায়। মূল্যস্ফীতির তুলনায় আয় না বাড়লে ধারদেনা করে সংসার চালাতে হয়; কিংবা খাবার, কাপড়চোপড়, যাতায়াতসহ বিভিন্ন খাতে কাটছাঁট করতে হয়।

মানুষের আয় বেশি বাড়লে জিনিসপত্রের দাম বাড়লেও তা কিনতে তেমন সমস্যা হয় না। কিন্তু দেশে সাড়ে চার বছর ধরে মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার কম।

বিবিএস বলছে, দেশের প্রায় ৮৬ শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। দেশে এরকম কর্মজীবী মানুষের সংখ্যা ছয় কোটি মতো।