১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি বনাম ক্রয়ক্ষমতা: শ্রমজীবী মানুষ পেরে উঠছে না

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টানা ৫৭ মাস ধরে দেশে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি রয়েছে। ফলে এই দীর্ঘ সময়ে শ্রমজীবী মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত রয়েছে।

মূল্যস্ফীতি বনাম ক্রয়ক্ষমতা: শ্রমজীবী মানুষ পেরে উঠছে না

ফাইল ছবি

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 01:33 AM

Updated : 16 Nov 2026, 01:33 AM

ঢাকার শেওড়াপাড়ার একটি সেলুনে ছয় বছর ধরে কাজ করেন গোবিন্দ শীল। প্রতিদিনের মজুরি ও বকশিশ মিলিয়ে মাসে আয় হত প্রায় ২৫ হাজার টাকা। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোরকমে সংসার চালানোর পাশাপাশি সামান্য কিছু সঞ্চয়ও করতে পারতেন।

কিন্তু এখন সেলুনে আগের মতো গ্রাহক আসেন না। আয় কমেছে। অন্যদিকে বেড়েছে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ফলে প্রতি মাসেই ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাকে।

গত শুক্রবার নিজের সেলুনে বসে ৩৫ বছর বয়সী গোবিন্দ বলছিলেন তার কষ্টের কথা।

“এখন খুব কষ্ট হচ্ছে, স্যার। আর চলছে না। হিসাব মেলাতে পারি না। এক কেজি চাল কিনতেই ৭০ টাকা লাগে। বাজারে সব কিছুর দাম অনেক বেশি।”

শুধু গোবিন্দ নন, রাজধানীতে জীবিকার সন্ধানে আসা মহিবুলেরও একই অবস্থা। গাইবান্ধা থেকে দুই বছর আগে ঢাকায় আসেন ২৫ বছর বয়সী এই তরুণ। মহাখালীতে একটি মেসে থাকেন। চালান ব্যাটারিচালিত অটোরিকশা। তার পরিবার থাকে গ্রামে।

রোববার মহাখালীতে কথা হয় মহিবুলের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন রিকশা চালিয়ে ১৫ থেকে ১৬ শ টাকা আয় হয়। মালিককে পাঁচশ টাকা দেওয়ার পর যা থাকে, তা দিয়ে নিজের খাওয়া, মেস ভাড়া নিতেই শেষ হয়ে যায়। বাড়িতে মা-বোন থাকে, কিছুই পাঠাতে পারি না।”

কিছুক্ষণ থেমে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে মহিবুল বলেন, “জীবন আর চলে না।”

গোবিন্দ ও মহিবুলের এই দশা এখন দেশের শ্রমজীবী মানুষের সাধারণ চিত্র। সংখ্যার বিচারে সময়ের সঙ্গে আয় বাড়তে দেখা গেলেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম তার চেয়ে বেশি বাড়ায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমছে।

বিশেষ করে দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের ওপর এই চাপ অনেক বেশি।

Image

ফাইল ছবি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যেও সেই চিত্র স্পষ্ট। অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়ালেও মজুরি বৃদ্ধির হার আরও কমে হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মানুষের আয় যে হারে বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে তার চেয়ে বেশি হারে।

এর ঠিক উল্টো চিত্র পাশের ঘরে; সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে। গত ১ নভেম্বর তারা নতুন কাঠামো অনুযায়ী অক্টোবরের বেতন ও আগের তিন মাসের বকেয়া পেয়েছেন।

তাতে এক শ্রেণির মানুষের আয় বেড়েছে। অন্যদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। তাদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছে।

অর্থনীতিবিদদের আশঙ্কা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরকারি বেতন কাঠামো বাস্তবায়নের কারণে অর্থনীতিতে নতুন করে ব্যয়ের চাপ তৈরি হতে পারে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে সতর্ক করেছে।

দুই সূচকের দ্বৈরথ

বিবিএস গত সোমবার ৯ নভেম্বর অক্টোবর মাসের মূল্যস্ফীতি ও মজুরি সূচকের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এক মাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অক্টোবরে তা কমে হয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ।

কিন্তু একই সময়ে মজুরি বৃদ্ধির হার কমেছে আরও বেশি। সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অক্টোবরে তা নেমে এসেছে ৭ দশমিক ৬৩ শতাংশে।

অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের ব্যবধান দাঁড়িয়েছে ০ দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট। সেপ্টেম্বরে এই ব্যবধান ছিল ০ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট।

বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টানা ৫৭ মাস ধরে দেশে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি রয়েছে। ফলে এই দীর্ঘ সময়ে শ্রমজীবী মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত রয়েছে।

মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের এই পার্থক্য বুঝতে একটি সহজ উদাহরণ দেওয়া যায়। গত বছরের অক্টোবরে কারও আয় যদি ১০০ টাকা হয়ে থাকে, তাহলে এ বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার অনুযায়ী সেই আয় বেড়ে হয়েছে ১০৭ টাকা ৬৩ পয়সা। কিন্তু একই সময়ে মূল্যস্ফীতির হিসাবে আগের বছরের ১০০ টাকার পণ্য ও সেবা কিনতে এখন খরচ করতে হচ্ছে ১০৮ টাকা ২৭ পয়সা।

অর্থাৎ আয় বাড়লেও আগের মতো পণ্য ও সেবা কেনার জন্য এখন বেশি টাকা খরচ করতে হচ্ছে। ফলে বাড়তি আয়ের পুরোটা মূল্যবৃদ্ধির চাপ সামলাতেই চলে যাচ্ছে। সংসারের অন্য প্রয়োজন মেটানো কিংবা সঞ্চয়ের সুযোগ কমছে।

Image

টিসিবির কম দামের পণ্যের জন্য দীর্ঘ লাইন। ফাইল ছবি

খাবারের বাইরে অন্য খরচে চাপ আরও বেশি

অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমার পেছনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসার ভূমিকা রয়েছে। বিবিএসের হিসাবে, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অক্টোবরে তা কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

অর্থাৎ খাদ্যপণ্যের দাম যতটা বেড়েছে, পরিবহন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য খাতে খরচ বেড়েছে আরও বেশি।

নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় উদ্বেগের বিষয়। কারণ তাদের আয়ের বড় অংশই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দৈনন্দিন সেবার পেছনে ব্যয় হয়।

অঞ্চলভেদেও মূল্যস্ফীতির চিত্রে কিছু পার্থক্য রয়েছে। অক্টোবরে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। শহরাঞ্চলে এই হার সামান্য কমে ৮ দশমিক ২৫ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।

তবে গ্রামীণ এলাকায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ খাদ্যের বাইরে অন্যান্য পণ্য ও সেবার ব্যয় গ্রামীণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

ঢাকা স্কুল অব ইকনোমিকসের পরিচালক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীতের সবজি উঠছে; কিন্তু ৮০ টাকা কেজির নিচে কোনটাই মিলছে না। একটা ছোট্ট ফুলকপির দাম ৫০ টাকা। ভোজ্য তেলের দাম দফায় দফায় বাড়ছে; বাড়ছে চিনিসহ অন্য সব পণ্যের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবকিছুর দামের ওপর পড়েছে।”

“সামনে রমজান মাস আসছে; অতীত ইতিহাস বলে, আরেক দফা বাড়বে।”

Image

মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে পোশাক শ্রমিকরা। ফাইল ছবি

‘ভালো লক্ষণ নয়’

মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের এই ব্যবধানকে উদ্বেগজনক বলে মনে করেন অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুই মাস ধরে উদ্বেগজনক তথ্য পাচ্ছি আমরা। সেপ্টেম্বরের পর অক্টোবরে মজুরি সূচক কমেছে। আগে দেখা যেত, মূল্যস্ফীতির সঙ্গে মজুরি বৃদ্ধির হারও বাড়ত; কিন্তু কমছে। এটা ভালো লক্ষণ নয়।

“বর্তমান মূল্যস্ফীতি ও মজুরি সূচকের তথ্য নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলেও কিন্তু আমরা উদ্বেগজনক একটি তথ্য দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে—মূল্যস্ফীতি প্রকৃত মজুরির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। অর্থাৎ বাস্তবে আয় বাড়লেও মূল্যস্ফীতি তা খেয়ে ফেলছে।”

সেলিম রায়হানের ভাষায়, বাজারের খরচের সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়ছে না। দীর্ঘ সময় ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় মানুষের প্রকৃত আয় কমছে এবং খরচ করার সামর্থ্যও কমছে।

“অনেকে সঞ্চয় ভেঙে খাচ্ছেন। অনেকের তো সঞ্চয়ও নেই,” বলেন তিনি।

চলতি বছর দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। সেপ্টেম্বরে তা আরও ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। অক্টোবরে ও নভেম্বরে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ও উৎপাদন খরচে পড়েছে। ফলে পণ্য ও সেবার দামেও বাড়তি চাপ তৈরি হয়েছে।

সেলিম রায়হান বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন, উৎপাদন, সেচ, সংরক্ষণ ও পণ্য সরবরাহের খরচ বেড়ে যায়। শেষ পর্যন্ত সেই বাড়তি ব্যয়ের চাপ ভোক্তাকেই বহন করতে হয়।

বিশেষ করে গ্রামীণ দরিদ্র, ক্ষুদ্র কৃষক, কৃষিশ্রমিক ও দিনমজুরদের পরিস্থিতি বেশি উদ্বেগজনক। তাদের আয় অনিশ্চিত, সঞ্চয় সীমিত এবং বাজার থেকে কেনা খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নির্ভরতা বেশি।

সেলিম রায়হান বলেন, গ্রামীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু খাদ্য সরবরাহ বাড়ালেই হবে না; কৃষি উপকরণের দাম, পরিবহন ব্যয়, স্থানীয় বাজার তদারকি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকেও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকও বলছে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পথে ঝুঁকি তৈরি করতে পারে। কারণ জ্বালানির বাড়তি দাম পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ায়। অন্যদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারি ব্যয় বাড়লে অর্থায়নের ধরন অনুযায়ী অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে।

Image

ফাইল ছবি

কীভাবে মজুরি হিসাব করে বিবিএস?

বিবিএসের মজুরি হার সূচক মূলত স্বল্প মজুরিতে কাজ করা দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরির পরিবর্তন পরিমাপ করে। কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতের ৬৩ ধরনের পেশার শ্রমিকদের মজুরির তথ্য নিয়ে সূচকটি তৈরি করা হয়।

এর মধ্যে কৃষি খাতের ১৭টি, শিল্প খাতের ৩০টি এবং সেবা খাতের ১৬টি পেশা রয়েছে। দৈনিক বা ঘণ্টাভিত্তিক মজুরি পাওয়া শ্রমিকদের আয় এই সূচকে বিবেচনা করা হয়। বেতনভোগী ও উচ্চ আয়ের পেশাজীবীরা এই সূচকের অন্তর্ভুক্ত নন।

ফলে মজুরি বৃদ্ধির এই হিসাব দেশের সব কর্মজীবী মানুষের আয় বৃদ্ধির প্রতিফলন নয়। বরং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মজুরি পরিস্থিতি বোঝার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। শিল্প খাতে ৭ দশমিক ৬২ শতাংশ এবং সেবা খাতে ৭ দশমিক ৯৬ শতাংশ। সেপ্টেম্বরে তিন খাতেই মজুরি বৃদ্ধির হার তুলনামূলক বেশি ছিল।

অর্থাৎ শুধু একটি খাত নয়, কৃষি, শিল্প ও সেবা—সবখানেই মজুরি বৃদ্ধির গতি কমেছে।

Image

ফাইল ছবি

বিপুল কর্মসংস্থান অনানুষ্ঠানিক খাতে

দেশের শ্রমবাজারের আরেকটি বড় দুর্বলতা অনানুষ্ঠানিক কর্মসংস্থানের আধিক্য। বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২৪ এবং বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বিশ্ব ব্যাংকের ৩ নভেম্বর প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেইঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৫ কোটি ৮০ লাখ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। যা মোট কর্মসংস্থানের প্রায় ৮৪ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেও আনুষ্ঠানিক কর্মসংস্থানের নিশ্চয়তা নেই। দেশে স্নাতক ডিগ্রিধারীদের ৪৪ শতাংশ অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত।

আনুষ্ঠানিক খাতে নতুন কর্মসংস্থান তৈরির ধীরগতি, শ্রমবাজারে নারীর কম অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নের ঘাটতিকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব ব্যাংক।

অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের বড় অংশের নির্দিষ্ট বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা কিংবা সামাজিক সুরক্ষা নেই। ফলে বাজারে পণ্যের দাম বাড়লেও তাদের আয় সেই অনুযায়ী বাড়ে না। কাজের সুযোগ কমে গেলে বা অসুস্থতার কারণে কাজে যেতে না পারলে আয়ও বন্ধ হয়ে যায়।

ঢাকার শেওড়াপাড়ার সেলুনে বসে গোবিন্দ শীলের বলা কথাগুলো তাই শুধু একজন নরসুন্দরের ব্যক্তিগত কষ্টের গল্প নয়। মহাখালীর মেসে থাকা মহিবুলের বাড়িতে টাকা পাঠাতে না পারার আক্ষেপও একই বাস্তবতার অংশ।

সেলুনে গ্রাহক কমে গেলে গোবিন্দর আয় কমে যায়। অন্যদিকে মহিবুলের মত অটোরিকশাচালকের প্রতিদিনের আয় থেকে গাড়ির মালিকের ভাড়া, নিজের থাকা-খাওয়ার খরচ মেটানোর পর পরিবারের জন্য কিছু পাঠানোর সুযোগ থাকে না।

দুজনের পেশা আলাদা, জীবনযাপনের ধরনও আলাদা। কিন্তু তাদের সংকটের জায়গাটি এক—আয় দিয়ে আর সংসারের হিসাব মেলানো যাচ্ছে না।