০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নিকাহ রেজিস্ট্রারের ১,৪০০ পদ শূন্য, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিয়ে নিবন্ধনের ফি বাড়ানোরও দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:27 PM

Updated : 09 Nov 2026, 09:27 PM

দেশে নিকাহ রেজিস্ট্রারের প্রায় ১ হাজার ৪০০ পদ শূন্য রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

শূন্য এই পদগুলো পূরণ করার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠন দুটি।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। একই দাবিতে আইনমন্ত্রীর কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে বলে সংগঠনগুলোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শূন্য পদগুলোতে যোগ্যতার ভিত্তিতে আলেম-ওলামাদের নিয়োগ এবং মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের নির্ধারিত এলাকা বহাল রাখার দাবি জানানো হয় মানববন্ধনে।

স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও অধিকার অক্ষুণ্ণ রাখারও দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে দায়িত্ব পালন করা নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না।

স্মারকলিপিতে আরও বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রে একাধিক রেজিস্ট্রার নিয়োগের সুযোগ রেখে আইন মন্ত্রণালয়ে বিধিমালা সংশোধনের কার্যক্রম চলছে।

সংগঠনগুলোর দাবি, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিয়ে নিবন্ধনের ফি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি শাহ মো. নেছারুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়।

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মো. সেলিম রেজা এবং সংগঠনটির নির্বাহী সভাপতি কাজী ইকবাল হোসেন প্রতিনিধিদলে ছিলেন।