ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
“এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি।”
মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (তাড়াইল ও করিমগঞ্জ) আসনে আইন মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেছেন, “আইনি বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।”
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। সেই হিসাবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসন শূন্য হওয়ার ঘোষণা দেন।
ইতোমধ্যে ২১ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখনও ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। ডিসেম্বরের শুরুতে ইউপির তফসিল ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে উপনির্বাচন প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তফসিল ঘোষণার আগে সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হবে। এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। যথাসময়ে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”
