২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের কৃষিখাতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা

ইতোমধ্যে বাংলাদেশের দুই তরুণ দেশটিতে কৃষিকাজের সুযোগ পেয়েছেন।

জাপানের কৃষিখাতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা

ছবি: ইস্ট এশিয়া ফোরাম ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 03:04 PM

Updated : 23 Nov 2026, 03:10 PM

জাপানের কৃষিখাতে শ্রমিক সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে দেশটি। বিশেষ করে বাংলাদেশ ও নেপাল থেকে শ্রমিক নেওয়ার প্রবণতা বাড়ছে।

অন্যদিকে মজুরি বেড়ে যাওয়ায় ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে শ্রমিক নিয়োগে আগের মতো আগ্রহ পাচ্ছে না জাপান।

সোমবার দেশটির সংবাদমাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কৃষিখাতে কাজের জন্য প্রথমবারের মতো বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ‘মিরাই’।

প্রতিষ্ঠানটির মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশের দুই তরুণ জাপানে কৃষিকাজের সুযোগ পেয়েছেন। তারা হলেন ময়মনসিংহের মুহাম্মদ আহসান হাবিব (২১) এবং বরিশালের সিয়াম উর রহমান (২০)।

গত অগাস্টে জাপানের দক্ষতাভিত্তিক কর্মী কর্মসূচির কৃষিখাতের পরীক্ষায় উত্তীর্ণ হন তারা। পরে জাপানের আওমোরি প্রিফেকচারের একটি কৃষিপ্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পান। আগামী কয়েক মাসের মধ্যে তাদের জাপানে যাওয়ার কথা রয়েছে।

জাপানে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আহসান হাবিব। তিনি বলেন, জাপানে গিয়ে দেশটির কৃষিব্যবস্থা সম্পর্কে জানতে চান তিনি। সেখানে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুরগির খামারের যত্ন নিতে চান।

সিয়াম উর রহমানও জাপানে কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করতে চান। পাশাপাশি জীবনে প্রথমবারের মতো তুষারপাত দেখার অপেক্ষায় রয়েছেন।

জাপানের অভিবাসনবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির কৃষিখাতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাভিত্তিক বিদেশি কর্মীর সংখ্যা গত জুনে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫০ জনে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ বেশি।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শ্রমিক এসেছেন ইন্দোনেশিয়া থেকে। দেশটির ১৮ হাজার ২৫৫ জন কর্মী জাপানের কৃষিখাতে কাজ করছেন, যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এ ছাড়া নেপালের শ্রমিকের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জন, শ্রীলঙ্কার ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জন এবং বাংলাদেশের ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জন হয়েছে।

কিয়োদো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা বলেন, “ভিয়েতনাম, ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মজুরি বাড়ছে। ফলে এসব দেশ থেকে জাপানে কৃষিশ্রমিক আনা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে শ্রমিক সংগ্রহের নতুন উৎস হিসেবে দক্ষিণ এশিয়ার গুরুত্ব বাড়ছে।”

বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে নোমুরা বলেন, “দেশটি বড় কৃষিপ্রধান না হলেও প্রায় ১৭ কোটি মানুষের একটি কৃষিনির্ভর দেশ। এ কারণে জাপানের কৃষিখাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভালো সম্ভাবনা রয়েছে।”

২০১৮ সাল থেকে এশিয়ার বিভিন্ন দেশে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সাসটেইনেবল হোল্ডিংস। প্রতিষ্ঠানটির সহযোগী প্রশিক্ষণকেন্দ্র রয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমারে। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেপাল।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির তিনটি সহযোগী প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত। এসব কেন্দ্রে জাপানি ভাষার পাশাপাশি কৃষিকাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

জাপানের কৃষিখাতে নির্দিষ্ট দক্ষতাভিত্তিক কর্মী হিসেবে কাজ করতে হলে প্রার্থীদের জাপানি ভাষার প্রাথমিক পর্যায়ের ‘এন৪’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পাশাপাশি কৃষিবিষয়ক লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, জাপানে আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের সুযোগ বিদেশি কর্মীদের কাছে আকর্ষণীয়। দেশটিতে কাজের অভিজ্ঞতা অর্জনের পর কেউ কেউ অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কৃষিখাতে কাজ করছেন। আবার অনেকে নিজ দেশে কৃষিভিত্তিক ব্যবসা শুরু করছেন।

বাংলাদেশে মিরাইয়ের প্রশিক্ষণকেন্দ্রে জাপানি ভাষা ও অন্যান্য বিষয় পড়ান জাপানি শিক্ষক নুর নবি নোরিকো। আহসান হাবিব ও সিয়াম উর রহমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনাকে নিজের জন্য আনন্দের বলে উল্লেখ করেছেন তিনি।

বাংলাদেশে প্রায় দুই দশক ধরে বসবাস করা নুর নবি বলেন, “বিদেশি কর্মীদের কার্যকরভাবে প্রশিক্ষণ দিতে হলে তাদের সাংস্কৃতিক পরিচয় ও মানসিকতা বোঝা জরুরি। একই সঙ্গে জাপানে তাদের জন্য নিরাপদ ও কাজের উপযোগী পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ।”

জাপানের কৃষিখাতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট চলছে। এর অন্যতম কারণ কৃষিশ্রমিকদের বয়স বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মানুষের কৃষিকাজে আগ্রহ কমে যাওয়া।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটির কৃষিখাতে নির্দিষ্ট দক্ষতাভিত্তিক বিদেশি কর্মী এবং কারিগরি প্রশিক্ষণার্থী মিলিয়ে মোট ৬৭ হাজার ৯০৫ জন কাজ করছিলেন। এর মধ্যে নির্দিষ্ট দক্ষতাভিত্তিক বিদেশি কর্মীদের ৬০ শতাংশের বেশি এসেছেন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে।

এদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের কর্মীদের ‘পরিশ্রমী ও দায়িত্বশীল’ হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছেন সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নরিয়ুকি তাকাকুরা।

তিনি বলেন, “এশিয়ার বিভিন্ন দেশে মিরাইয়ের সহযোগী প্রশিক্ষণকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। জাপানে পৌঁছানোর পর তাদের আবাসনের ব্যবস্থাও করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।” ভবিষ্যতে বিভিন্ন দেশে কৃষিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।