২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত কচ্ছপের সঙ্গে সমুদ্রতটে ভেসে এল মাস্কের রকেটের অংশ

স্টারশিপ রকেটের বুস্টারটি সমুদ্রে অবতরণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত মেক্সিকো উপসাগরের ঢেউয়ের কয়েক মিটার ওপরেই বিস্ফোরিত হয়।

মৃত কচ্ছপের সঙ্গে সমুদ্রতটে ভেসে এল মাস্কের রকেটের অংশ

স্টারশিপ বিস্ফোরণের দুই দিন পর তীরে ভেসে আসা এক মৃত কচ্ছপ দেখা গেছে। ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 02:11 PM

Updated : 21 Nov 2026, 02:11 PM

গত সপ্তাহে পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হওয়ার পর ইলন মাস্কের মেগা রকেট স্টারশিপের বুস্টারের ধ্বংসাবশেষ মেক্সিকোর এক সমুদ্রসৈকতে ভেসে আসছে বলে জানিয়েছে পরিবেশবাদী এক সংগঠন।

দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের স্টারবেইস উৎক্ষেপণ কেন্দ্রের ঠিক দক্ষিণে অবস্থিত বাগদাদ সৈকতে মৃত ডলফিন ও কচ্ছপের পাশাপাশি বুস্টারের এসব ধ্বংসাবশেষ মিলেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

রকেটের এসব টুকরা স্টারশিপের ‘সুপার হেভি’ বুস্টারের অংশ।

শুক্রবার রকেটের ওপরের অংশটিকে কক্ষপথে পৌঁছে দেওয়ার পর বুস্টারটি উৎক্ষেপণ টাওয়ারে ফিরে আসার প্রক্রিয়া বাতিল করেছিল স্পেসএক্স।

‘বুস্টার ২২’ নামের ওই বড় বুস্টারটি পরবর্তীতে বিকল্প ব্যবস্থা হিসেবে সমুদ্রে অবতরণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত মেক্সিকো উপসাগরের ঢেউয়ের কয়েক মিটার ওপরেই বিস্ফোরিত হয়।

মেক্সিকান পরিবেশবাদী সংগঠন ‘কোনিবিও গ্লোবাল’ বলেছে, রকেটটির বিভিন্ন অংশ এখন তীরে ভেসে আসছে।

Image

রকেটটির বিভিন্ন অংশ এখন তীরে ভেসে আসছে। ছবি: রয়টার্স

সংগঠনটির প্রেসিডেন্ট জেসুস এলিয়াস ইবারা রদ্রিগেজ এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “স্পেসএক্সের মহাকাশযানের হাজার হাজার, সম্ভবত লাখ লাখ ধ্বংসাবশেষের টুকরা আবারও মেক্সিকোর উপকূলে ভেসে এসেছে।

“টুকরাগুলোর পরিমাণ ও আকারের কারণে এগুলোর সবকটি সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়বে। মাঠপর্যায়ের প্রযুক্তিবিদরা এরইমধ্যে ধূসর টেপ লাগানো সাদা প্লাস্টিক, কালো রাবারওয়ালা টেপ ও বুস্টারের ভেতরের দেয়ালের সঙ্গে মিল থাকা নীল আঠা লাগানো টুকরা নথিভুক্ত করেছেন।”

রদ্রিগেজ একই সৈকতে পড়ে থাকা মৃত প্রাণীদের ছবিও শেয়ার করে সতর্ক করে বলেছেন, রকেট বিস্ফোরণের ফলেই এগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে।

স্টারশিপ বিস্ফোরণের দুই দিন পর তীরে ভেসে আসা এক মৃত কচ্ছপ দেখা গেছে।

রদ্রিগেজ বলেছেন, “আমরা উদ্বিগ্ন যে, উৎক্ষেপণের সময় নথিভুক্ত হওয়া ওই বিস্ফোরণের পরোক্ষ ক্ষয়ক্ষতি হিসেবেই এমনটা ঘটে থাকতে পারে।”

তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।

বিবৃতিতে মেক্সিকোর পরিবেশ সুরক্ষা বিষয়ক ফেডারেল অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রোফেপা বলেছে, এসব বর্জ্য শনাক্ত ও পরিস্থিতি তদন্ত করতে বাগদাদ সৈকতে তাদের পরিদর্শকদের পাঠানো হয়েছে।

সংস্থাটি বলেছে, “স্পেসএক্সকে এর দায় নিতে বলা হবে।”

সৈকতে পাওয়া কোনো বস্তু স্পর্শ না করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো ও এর পরিবর্তে সংস্থাটির দাপ্তরিক মাধ্যমগুলোতে এ বিষয়ে তথ্য জানানোর আহ্বান জানিয়েছে প্রোফেপা।

রকেটের ধ্বংসাবশেষ ও বন্যপ্রাণীর মৃত্যুর বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্পেসএক্স।

গত সপ্তাহে রকেটের ব্যর্থ অবতরণের পরই স্পেসএক্স বলেছিল, তারা বিস্ফোরণের মূল কারণ অনুসন্ধানে তদন্ত করছে।