০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মানামায় প্রবাসীদের সমস্যা শুনতে দূতাবাসে গণশুনানি

দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 07:41 PM

Updated : 03 Oct 2026, 07:42 PM

বাহরাইনের রাজধানী মানামায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার বিকেলে দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ প্রবাসীদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রবাসীরা দূতাবাসের বিভিন্ন সেবা, কনস্যুলার কার্যক্রমসহ নিজেদের নানা সমস্যা ও অভিযোগ সরাসরি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একইসঙ্গে এসব সমস্যা সমাধানে করণীয় নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, “প্রবাসীদের বিভিন্ন সমস্যা সরাসরি জানার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দূতাবাস প্রবাসীদের বাস্তব সমস্যাগুলো সম্পর্কে সরাসরি জানতে পারে এবং সেবার মান আরও উন্নত করার সুযোগ তৈরি হয়।”

প্রবাসীদের দেওয়া পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “প্রবাসীরা নিজেদের কর্ম ও আচরণের মাধ্যমে বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাই বাহরাইনের আইন মেনে চলার পাশাপাশি দেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

কোনো সমস্যা হলে তা নিয়ে বিভ্রান্ত না হয়ে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্যও তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এসময় বাহরাইনের প্রচলিত আইন-কানুন মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়।

একইসঙ্গে বৈধ কাগজপত্র নিয়ে দেশটিতে অবস্থান এবং কর্মক্ষেত্রে স্থানীয় আইন ও নিয়মনীতি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়। শুনানিতে দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিষয়েও কথা বলেন রাষ্ট্রদূত।