Published : 09 Sep 2025, 03:42 PM
ষোল বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন।
এছাড়া ভোটারের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন তারা।
মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন
তিনি বলেন, “যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো। এনআইডি পাবেন তারা।”
এই বয়সীদের জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন,
“অনেকগুলো কাজে তাদের এনআইডি লাগে, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক একাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটোখাটো নানা কাজ রয়েছে। এতে এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে।”
এনআইডি না থাকায় শিক্ষার্থীদের ‘অসুবিধায় পড়তে হচ্ছে’ জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এজন্য ষোল বছর ও তদূর্ধ্ব বয়সীরা এনআইডি পাবেন এ জন্য তারা ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
“এখন থেকে যার বয়স ১৬ বছর হয়েছে, তিনিই নিবন্ধন আবেদন করতে পারবে। কোনো নির্দিষ্ট তারিখ ধরে দেওয়া হয়নি। ভোটের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন।
১৮ বা তার বেশি বয়সীদের ভোটার তালিকাভুক্ত করা হয় এবং তাদের উন্নত জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড দেওয়া হয়ে থাকে।
পাশাপাশি ভোটারযোগ্যদের বাইরে কমবয়সীদের তথ্য নিবন্ধন করে থাকে ইসি; সবশেষ ২০২১ সালে তৎকালীন কমিশন হালনাগাদের সময় করেছিল। ১৮ বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার তালিকাভুক্ত হয়ে যায় বছরের শুরুতেই।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা শুরুর পর থেকে এনআইডি দেওয়া হচ্ছে। ২০১৫ সালে কমবয়সীদেরও এনআইডি সেবা দেওয়া দেওয়ার উদ্যোগ হয়। এরপর একসাথে ১৫-১৭ বছর বসয়ীদের তথ্য নেওয়া শুরু হয়।
পরে ২০২৪ সালে তৎকালীন সরকার জন্মের পরই সব নাগরিকদের এনআইডি দেওয়ার বিধান রেখে আইন পাস করে।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাদ পড়া ও নতুন ভোটার যুক্ত করার উদ্যোগ নেয়, হালনাগাদে মৃতদের বাদ দেওয়া হয়।
৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য হবেন তাদেরও তালিকাভুক্ত করা হয়েছে।।
এরইমধ্যে নাগরিকদের শিক্ষার্থী, চিকিৎসাপ্রার্থীসহ ১৬ বছর ও তার বেশি বয়সীদের এনআইডি সেবা দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখল ইসি।
এর মাধ্যমে ১৬ বছর বয়সী হলে সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে বা অনলাইনে আবেদন করে এনআইডি পাওয়ার জন্যে নিবন্ধন করতে পারবে।
হারানো এনআইডি পেতে জিডি নয়
ইসি সচিব জানিয়েছেন, এনআইডি হারিয়ে গেলে তা পেতে নির্বাচন কমিশনে আবেদনের জন্য আর জিডি কপি জমা দেওয়া লাগবে না।
“নাগরিকদের এনআইডি সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। হারিয়ে গেলে জিডি করা লাগবে না। এতে সময় ও সুযোগ স্বল্পতা থাকে, এখন জিডি ছাড়াই হারানো এনআইডি তুলতে পারবে।”
হারানো এনআইডি পেতে লাগছে না জিডি
জন্মের পরই এনআইডি, সংসদে বিল পাস
১৫ বছর বয়সীদের নিবন্ধন ফের শুরুর উদ্যোগ ইসির