Published : 09 Sep 2025, 12:04 AM
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বাধ্যবাধকতা আর থাকছে না; প্রচলিত নিয়মেই ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করলেই হবে।
এনআইডি সেবা সহজ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি রোববার বলেন, “এনআইডি সেবা এখন সহজতর করা হচ্ছে। এখন আর লাখ লাখ আবেদন অনিষ্পন্ন অবস্থায় থাকছে না। আমরা হারানো এনআইডি তোলার ক্ষেত্রে জিডি নেওয়ার নিয়ম তুলে দিয়েছি।
“ধারণা করি, বর্তমানে সব মিলিয়ে অর্ধলাখের মতো আবেদন রয়েছে। আগামীতে তা আরও কমে আসবে।”
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আগে জিডি করতে হতো।
“জনদুর্ভোগ কমাতে এখন থেকে আর জিডি করা লাগবে না বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। মানুষকে যাতে আরো সহজে এবং দ্রুত সেবা দেওয়া নিশ্চিত করা যায়, সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।”
এতে নাগরিকদের ভোগান্তি কমবে বলে মনে করেন তিনি।
দেশে বর্তমানে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪১ লাখ ৪৫৫ জন; আর নারী ভোটার ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
জুলাই মাসে ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ১ জানুয়ারিতে এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি; ৩০ জুন পর্যন্ত ছয় মাসে নতুন আবেদন পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি। সবমিলিয়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদনের মধ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ নিষ্পন্ন করা হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি।

সচিব আখতার বলেন, “প্রতি মাসে আগে যেখানে গড়ে এক লাখ করে আবেদন পড়ত, এখন তা কমে প্রায় ৮০ হাজারে নেমেছে। বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।
“…প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদনও কমে আসছে। ভোগান্তির মাত্রাও কমে এসেছে। আশা করি, আগামীতে এনআইডি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না।”
এনআইডি হারানো নিয়ে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে এনআইডি সেবা পোর্টালে।
• আইডি কার্ড হারিয়ে গিয়েছে। কীভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তর: অনলাইনে পুনরায় মুদ্রণের (রিইস্যু) জন্য আবেদন করুন। আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইল অথবা ইমেইলে বার্তা পাঠানো হবে। এরপর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড এর কপি ডাউনলোড করে নিন।
• হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোনো ফি দিতে হয়?
উত্তর: হ্যাঁ, ফি দিতে হয়। আপনার আবেদনের ফি জানতে এখানে ক্লিক করুন।
• হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
উত্তর: হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।
• হারিয়ে যাওয়া আইডি কার্ড কীভাবে সংশোধন করব?
উত্তর: প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।
• জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কীভাবে সম্ভব?
উত্তর: জাতীয় পরিচয়পত্রে প্রদর্শিত নয় এমন তথ্য অনলাইন থেকে সংশোধন করতে পারবেন।
এনআইডি সেবা সহজীকরণে 'তৎপর' ইসি