১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এনআইডি সংশোধন: সেবা নিয়ে দুর্ভোগ ‘কমেছে’, দাবি ইসি সচিবের

“ছয় মাসে ৯ লাখের মত এনআইডি সংশোধন করা হয়েছে, আর এখন ৭৬ হাজারের মত আবেদন অনিষ্পন্ন আছে।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 01:32 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে নাগরিকদের ‘ভোগান্তির মাত্রা কমেছে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত আবেদনও কমে এসেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে তা সন্তোষজনক পর্যায়ে আসবে বলে আশা করছেন ইসি সচিব।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ‘এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের’ অগ্রগতি তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদনও কমে আসছে। ভোগান্তির মাত্রাও কমে এসেছে। আশা করি আগামীতে এনআইসি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না।"

সচিব জানিয়েছেন, চলতি বছরের শুরুতে ১ জানুয়ারিতে এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি; ৩০ জুন পর্যন্ত ছয় মাসে নতুন আবেদন পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি।

সবমিলিয়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদনের মধ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ নিষ্পন্ন করা হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি।

সচিব আখতার বলেন, “প্রতি মাসে আগে যেখানে গড়ে এক লাখ করে আবেদন পড়ত, এখন তা কমে এসে প্রায় ৮০ হাজারে নেমেছে। বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।"

এনআইডি সংশোধনকে ঘিরে বরাবরই নাগরিকদের নানা ধরনের হয়রানি ও দুর্ভোগের অভিযোগ রয়েছে।

এনআইডি আবেদনের ক্ষেত্রে সংশোধনের মাত্রা দেখে চারটি ক্যাটাগরি করে দিয়েছে ইসি সচিবালয়। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদিপূরণ, দলিলাদি যথাযথ কি না যাচাই শুনানি করে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করে দেওয়া হয়।

২০২০ সাল থেকে ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি আবেদন হয়েছে। সেক্ষেত্রে চার ক্যাগাটরিতে আবেদন নিষ্পন্ন হয়েছে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি।

আখতার আহমেদ বলেন, “আমার মনে হয়, নাগরিক সেবার ক্ষেত্রে মানুষের ভোগান্তির মাত্রাটা কমেছে। ছয় মাসে তুলনামুলক আবেদনের সংখ্যাও কমেছে। আগামী কয়েক মাসে তা সন্তোষজনক পর্যায়ে আসবে এবং হয়রানি অভিযোগগুলো আর হয়ত থাকবে না।”

সরকার পতনের পর নানা অভিযোগের ভিত্তিতে বেশ কিছু রাজনীতিবিদসহ অনেকের এনআইডি ‘লক’ রয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, “নানা কারণে এনআইডি লক করা হয়ে থাকে। বিশেষ করে এনআইডির অপব্যবহার রোধে তা করা হয়। এমনকি আমার টাও নাকি এনআইডি লক করা আছে। কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তথ্য না নেওয়াই ভালো।"

এখন কারও একাধিক এনআইডি নেই: ডিজি

এনআইডি সংশোধনের পৌনে ৪ লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির

এনআইডি সেবা বন্ধ, দুর্ভোগ

লাখো চাকুরের তথ্য ভুল, হিমশিম খাচ্ছে এনআইডি উইং

এনআইডি সেবা: অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

হাসিনা পরিবারের ১০ জনের এনআইডি স্থগিত