০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ

কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেওয়া ঋণের সুদহারও ২ শতাংশ থেকে ৩ শতাংশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 01:23 AM

Updated : 02 Oct 2026, 01:52 AM

কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় প্রি-শিপমেন্ট ক্রেডিটের বরাদ্দ ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করা হয়েছে।

পাশাপাশি প্রি-শিপমেন্ট ক্রেডিট খাত থেকে নেওয়া ঋণের সুদহারও এক শতাংশ বাড়িয়ে ৬ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেওয়া ঋণের সুদহারও ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন সুদহার সম্পর্কে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সার্কুলার জারির সময় থেকেই নতুন সুদহার কার্যকর হবে।

রপ্তানিকারকদের সুবিধা দিতে বৈদেশিক মুদ্রায় রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করে উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক ।

কিন্তু ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তিতে যাওয়ার পর রপ্তানি উন্নয়ন তহবিলের আকার কমিয়ে আনতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

তখন উদ্যোক্তাদের অর্থায়ন ‍সুবিধা অব্যাহক রাখতে বিকল্প হিসেবে ২০২৩ সালের অগাস্টে স্থানীয় মুদ্রা টাকায় গঠন করা হয় রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল।

এ তহবিল থেকে এককভাবে কোনো প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২০০ কোটি ঋণ দিতে পারে ব্যাংক।

তহবিল গঠনের সময় থেকে গ্রাহক পর্যায়ে সুদহার করা হয় সর্বোচ্চ ৫ শতাংশ। অন্যাদিকে কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ২ শতাংশ সুদে অর্থ নিতে পারত।