০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ব্যাপারে চুক্তি সই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 10:06 PM

Updated : 02 Nov 2026, 10:06 PM

রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ব্যাপারে চুক্তি সই হয়েছে বলে আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা দিয়ে উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করেছে। এ তহবিলে আইএফআইসি ব্যাংকের অংশগ্রহণের ফলে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরো বিস্তৃত হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান, আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ ও হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং ফারিহা হায়দার উপস্থিত ছিলেন।