২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

লাওসে গিয়ে দেখলেন কোম্পানিই নেই, পাসপোর্ট আটকে কাজবিহীন ২০ বাংলাদেশি

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে বন্ধ শ্রমবাজার। তবুও দেশটিতে গিয়েছেন ১০৯৪ জন।

মাছুম কামাল মাছুম কামাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 01:33 AM

Updated : 24 Nov 2026, 01:33 AM

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ভালো বেতনের চাকরির আশায় লাওসে পাড়ি জমিয়েছিলেন অন্তত ২০ বাংলাদেশি কর্মী। তবে সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পান, যেসব কোম্পানিতে কাজের কথা বলে তাদের নেওয়া হয়েছিল, বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব বা কাজের সুযোগ নেই।

উল্টো বিমানবন্দর থেকে বের হওয়ার পরই পাসপোর্ট কেড়ে নিয়ে একটি বাসায় জোর করে রাখা হয়েছে তাদের। আড়াই মাসের বেশি সময় ধরে বেকার তারা। এ অবস্থায় চরম খাদ্য ও অর্থকষ্টে দিন কাটানো এসব কর্মীকে বাসা ভাড়া বকেয়া থাকায় বের করে দেওয়ার নোটিস দিয়েছেন বাড়ির মালিক।

ভুক্তভোগী এসব কর্মী এবং তাদের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দেওয়া একটি স্মারকলিপি থেকে জানা গেছে এসব তথ্য।

সোমবার মানবপাচারের শিকার ব্যক্তিদের সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ এর সভাপতি মো. আল-আমিন নয়ন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে এ স্মারকলিপি জমা দেন।

ভুক্তভোগীদের দুর্দশা

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে আটকে পড়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কর্মী মো. রিফাত হাসান রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনপ্রতি সাড়ে চার লাখ থেকে ছয় লাখ টাকা খরচ করে গত সেপ্টেম্বরে তারা লাওসে যান। এর মধ্যে তাকে ও আরও দুজনকে ‘র‌্যাডিসন হোটেলে’ কাজের কথা বলে নেওয়া হয়। বাকিদের ফলের বাগানসহ বিভিন্ন কোম্পানিতে কাজের প্রলোভন দেওয়া হয়েছিল।

রাব্বি বলেন, “আমাদেরকে র‌্যাডিসনের কথা বলে আনছে, আইনা একটা কোম্পানি দেখাইছে। কিন্তু এখানে আসার পর বিমানবন্দর থেকে তিন-চার ঘণ্টা পর এক লোক টাকা-পয়সা দিয়ে আমাদের বের করে আনে। বের হতেই আমাদের পাসপোর্ট নিয়ে গেছে ওরা। দুই মাসের বেশি সময় ধরে একটা জায়গায় এনে বসায়ে রাখছে, কোনো কাজের ব্যবস্থা করে নাই।”

জমি বিক্রি, বন্ধক ও গবাদিপশু বেচে বিদেশে পাড়ি জমানো এই কর্মী বলেন, তাদের সঙ্গে অন্তত ২০ থেকে ৩০ জন বাংলাদেশি একইভাবে প্রতারণার শিকার হয়ে ভিয়েনতিয়েনে মানবেতর জীবনযাপন করছেন।

একইভাবে প্রতারণার শিকার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজদাহ গ্রামের কর্মী সজীব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু তাদের গ্রামেরই ১২ জন সেখানে আটকা পড়েছেন।

যে কাজের কথা বলা হয়েছিল, সেরকম কোনো কাজ না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “দুই থেকে আড়াই মাস পর্যন্ত এখানে আইসা বইসা রইছি। কাজের কোনো খবর নাই, খাবার-দাবার নাই। আজকে (সোমবার) বাসা থেকে বাড়িওয়ালা বাইর করে দিবে, সন্ধ্যার পরে কোথায় থাকব এই চিন্তাই করতেছি।”

দেশে ফেরার আকুতি জানিয়ে তিনি বলেন, “আমরা বলতেছি যে আমাদের পাসপোর্ট দিয়া দে, আমরা বাংলাদেশে চলে যাই। তা ওনারা ওটাও করতেছে না, বলতেছে টাকা না দিলে পাসপোর্টও দিব না।”

যেভাবে প্রতারণা

মন্ত্রণালয়ে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সি টি কে এন্টারপ্রাইজ লাওসের ‘সাউথিপমানি সোল কোং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে।

পরে ওই এজেন্সি এবং শাইনিং ওভারসিজসহ মধ্যস্থতাকারী কার্তিক কর্ণের (প্রতিষ্ঠাতা, বার্সেলোনা এয়ার ইন্টারন্যাশনাল) মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে গত অগাস্ট ও সেপ্টেম্বরে কর্মীদের লাওসে পাঠানো হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, লাওসে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি সৈকত নামে এক বাংলাদেশি সব টাকা নিয়ে পালিয়ে গেছেন। সেখানে কার্তিক কর্ণের লোক বাদশা তাদের পাসপোর্ট আটকে রেখেছেন। বাসা ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক সোমবারই তাদের বাসা থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নোটিস দিয়েছেন। ফলে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, বিষয়টি নিয়ে বাংলাদেশে থাকা মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, পাওনা অর্থ পরিশোধ না করায় কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন টিআরসি (রেসিডেন্স পারমিট) বা কাজ পেতে হলে ভুক্তভোগীদেরই নতুন করে টাকা দিতে হবে। জীবন বাঁচানোর তাগিদে কিছু কর্মী অনিয়মিত উপায়ে কাজ খোঁজার চেষ্টা করছেন, যা তাদের বড় ধরনের আইনি জটিলতায় ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টদের বক্তব্য

অভিযোগের বিষয়ে মধ্যস্থতাকারী কার্তিক কর্ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাজ ছিল কেবল বাংলাদেশ অংশের ভিসা প্রসেসিং, স্ট্যাম্পিং এবং ফ্লাইটের ব্যবস্থা করা, যা তিনি সম্পন্ন করেছেন।

কাজ দেওয়া বা পাসপোর্ট আটকে রাখার দায় অস্বীকার করে তিনি বলেন, “কাজের দায়িত্ব টোটালি তাদের (মাঠপর্যায়ের এজেন্টদের)। বাদশা আমার প্রতিনিধি না; সে আমাকে বাংলাদেশের প্রসেসিংয়ের কাজটা দিয়েছিল। লাওসের অ্যাপ্রুভাল ও সবকিছু বাদশাই করছে।”

অন্যদিকে রিক্রুটিং এজেন্সি টি কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেখ শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মীরা লাওসে গিয়ে কাজ পাননি–এমন অভিযোগ তার কাছে সরাসরি আসেনি।

“যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমরা সমাধান অবশ্যই করব। যারা যাচ্ছে তাদের যে লোক আছে তাদের আমাদের সাথে যোগাযোগ করতে বলেন। যার মাধ্যমে গেছে, আমি তার সাথে একটু কথা বলি। কথা বলে আমরা কীভাবে সলভ করা যায় সেটি দেখতেছি।”

অভিযোগের বিষয়ে বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীদের কেউ কেউ টাকা বাকি রেখে আসার কথা বললে আমি আপত্তি জানিয়েছিলাম। তবে বাংলাদেশ থেকে সুলতান ও লাওসে থাকা তার ছেলে সৈকতসহ অন্যরা আমাকে অনুরোধ করেন এবং আশ্বাস দেন যে লোকগুলো পৌঁছানোর পর তারা বসে বকেয়া টাকা পরিশোধ করে সমস্যার সমাধান করবেন।

“সুলতান বলেছিলেন, যাত্রীরা সবাই তার আত্মীয়-স্বজন ও এলাকার লোক, তাই তিনি নিজেই বিষয়টি দেখবেন। কিন্তু লোকগুলো আসার প্রায় এক মাস হয়ে গেলেও সুলতান আর কোনো যোগাযোগ করেননি। সৈকত কয়েক দফা তারিখ দিয়ে ১০ তারিখ টাকা দেওয়ার কথা বললেও সেদিন দুপুর ২টার পর থেকে ফোন বন্ধ করে রেখেছেন।”

তার ভাষ্য, “মূলত টি কে এন্টারপ্রাইজের মাধ্যমে এই কোম্পানির নামে মোট ২৩ জন লোক এসেছেন, যার মধ্যে ওদের (সুলতান ও সৈকতদের) ১১ জন রয়েছেন। বাকি ১২ জনের সঙ্গে কথা বললেই আসল চিত্র বোঝা যাবে। কোম্পানিতে তাদের কাগজপত্র জমা থাকায় এবং বকেয়া টাকার জন্য কোম্পানি আমাকে চাপ দিচ্ছে।”

ভুক্তভোগীদের হুমকি দেওয়া ও পাসপোর্ট আটকে রাখার বিষয়ে তিনি বলেন, “বৈধ কাগজপত্র না পেলে পুলিশ ধরলে কোম্পানি বিপদে পড়বে। তাই যেকোনোভাবে টাকাটা আদায়ের চাপে পড়ে আমি পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেওয়ার কথা বলেছিলাম। যেহেতু সুলতানের কাছেই সবাই পাসপোর্ট জমা দিয়েছিল, তাই এই পরিস্থিতির সম্পূর্ণ দায় সুলতান ও সৈকতের।”

এ বিষয়ে সুলতান ও সৈকতের বক্তব্য জানা যায়নি।

অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের স্মারকলিপিতে অবিলম্বে লাওসে বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে কর্মীদের জরুরি আবাসন ও খাদ্যের ব্যবস্থা করা, চুক্তি অনুযায়ী বৈধ কাজ নিশ্চিত করা অথবা নিরাপদে দেশে ফিরিয়ে এনে অভিবাসন ব্যয়ের ছয় লাখ টাকা আদায় করে দেওয়ার দাবি জানানো হয়েছে।

সেই সঙ্গে প্রতারণায় জড়িত রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বন্ধ শ্রমবাজার, তবু গেলেন ১০৯৪ জন

দেশটিতে বাংলাদেশিদের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছিল লাওস সরকার।

এর প্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাংলাদেশি কর্মীদের না যেতে আহ্বান জানিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, লাওস সরকার সে দেশে বাংলাদেশি কর্মীদের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে শ্রম বাজার বন্ধসহ কাজের অনুমতিপত্র এবং প্রবেশ ভিসা (এলএ-বি২) ইস্যু সাময়িকভাবে স্থগিত রেখেছে।

লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এ নিষেধাজ্ঞা ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে বিএমইটির তথ্য বলছে, গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০৯৪ জন লাওসে পাড়ি দিয়েছেন।

বাজার বন্ধ থাকলেও কীভাবে দেশটিতে কর্মীরা যাচ্ছেন, এ প্রশ্নের জবাবে বিএমইটির বহির্গমন শাখার উপপরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমি যতটুকু বুঝতে পেরেছি, যাদের আগেই ভিসা ছিল, তাদের এটা অ্যাটেস্টেড ছিল। অর্থাৎ যারা বাজার বন্ধ হওয়ার আগেই ভিসা পেয়েছিলেন, তাদেরকেই এই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি।”