১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঢাকায় বোমাবাজি: হাতবোমার উৎস কোথায়? কী পদক্ষেপ পুলিশের?

“এসব ককটেল কোথায় তৈরি হয়, কারা এর সাথে জড়িত সে ব্যাপারে আমরা গুরুত্বের সাথে কাজ করছি।”

ঢাকায় বোমাবাজি: হাতবোমার উৎস কোথায়? কী পদক্ষেপ পুলিশের?

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার হাতবোমার বিস্ফোরণ ঘটে।

নাজমুল হাসান সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:38 AM

Updated : 11 Nov 2026, 12:38 AM

কয়েক দিন ধরে রাজধানীতে বোমাবাজি বাসে আগুনের ঘটনা ঘটছে। দেশের অন্য একটি জেলায় পুলিশের আক্রান্ত হওয়ার খবরও এসেছে।

এ বোমা কোথা হতে ঢাকায় আসছে? নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের পদক্ষেপই বা কী?

এমন আলোচনার মধ্যে দেশের সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছেন বাহিনীর প্রধান আলী হোসেন ফকির।

মঙ্গলবার অনলাইনে করা সেই বৈঠকে পদ্মার ওপারের চার জেলার পুলিশ সুপারদের প্রতি কড়া নির্দেশনা দেওয়ার তথ্য মিলেছে।

পুলিশের কয়েকজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বৈঠকে ‘শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে’ হাতবোমা বা ককটেল আসার বিষয়ে আলোচনা হয়েছে।

এসব জেলা থেকে যেন কোনোভাবেই রাজধানীতে হাতবোমা আসতে না পারে সেদিকে সতর্ক নজরদারির নির্দেশনাও দিয়েছেন আইজিপি।

Image

রাজধানীর শ্যামলীতে মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া

অনলাইন বৈঠকের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেছেন, “আজ একটা বিশেষ মিটিং ছিল জেলার পুলিশ সুপারদের সঙ্গে। মিটিংয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আইজিপি স্যার।

“যারা নানা ধরনের অপকর্ম করছেন তাদের আইনের আওতায় আনা এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।”

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্লবী থানা প্রাঙ্গণ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরিত হয়। বাসে আগুনের ঘটনায়ও ঘটে।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যার পর অন্তত ডজনখানেক স্থানে হাতবোমা বিস্ফোরিত হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ১০ জনকে আটক করা হয়।

ঢাকা ছাড়া দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাস ও ট্রেনের বগিতে আগুনের ঘটনাও ঘটে।

মঙ্গলবারও ঢাকায় বাসে আগুন, গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সড়ক অবরোধ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মহানগর এলাকায়ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ অবস্থায় ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে কড়া নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির।

মঙ্গলবার দুপুরে ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক অনলাইন বৈঠকে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক। সেখানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি মহাপরিচালকসহ বিভিন্ন ইউনিটের প্রধানরাও যুক্ত ছিলেন।

বৈঠকে যুক্ত থাকা একাধিক পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Image

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ।

একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের মিছিল ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমে বড় আকারে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়। পরে এসআরবি ডিজির পরামর্শে সেখান থেকে সরে এসে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে আওয়ামী লীগের পলাতক নেতারাই ‘মূল টার্গেট’। তাদের ধরতে অনলাইন নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতেও যদি কাজ না হয়, তাহলে পলাতক নেতাদের বাড়ি-ঘরসহ আত্মীয়-স্বজনদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

চব্বিশের গণঅভ্যুত্থান ঠেকাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশের ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে।

সোমবার রয়টার্স জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-এনআইডির জন্য আবেদন করেছেন। আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন বলে বার্তা সংস্থাটি জানায়।

পদ্মার ওপারের চার এসপিকে কড়া নির্দেশনা

পুলিশের ওই কর্মকর্তারা বলেছেন, সোমবার রাতে ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালকের মৃত্যুর বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে ককটেল আসার বিষয়টি বৈঠকে তুলে ধরে সতর্ক নজরদারির নির্দেশনাও দেন আইজিপি।

ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ পুলিশ সুপারদের উদ্দেশে আইজিপি এ নির্দেশনা দেন। এসব এলাকায় পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায়, সেনাবাহিনী, বিজিবি সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়।

এছাড়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তথ্য আদান-প্রদানের জোর দিয়েছেন তিনি।

শরীয়তপুর হতে ককটেল আসার বিষয়ে বক্তব্য জানতে জেলার পুলিশ সুপার রওনক জাহানকে ফোন করলে তিনি ধরেননি।

ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক-ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “শরীয়তপুর থেকে ককটেল আসার বিষয়টি আলোচনা হয়েছে।

“এসব ককটেল কোথায় তৈরি হয়, কারা এর সাথে জড়িত সে ব্যাপারে আমরা গুরুত্বের সাথে কাজ করছি।”

এছাড়া বাকি জেলার পুলিশ সুপারদের কড়া বার্তা দেওয়ার বিষয়টি জানতে চাইলে, হ্যাঁ সূচক জবাব দেন এই কর্মকর্তা।

বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের ডিআইজিরাও উপস্থিত ছিলেন।

এ বৈঠক ও আইজিপির নির্দেশনার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমরা নাশকতা, নৈরাজ্য কোনোভাবেই টলারেট করব না। আমাদের জুনিয়রদের এভাবেই নির্দেশনা দিয়েছি। এসব ঘটনা যেন না ঘটে, এজন্য আমাদের প্রিভেন্টিভ কিছু কাজ আছে, সেগুলো আমরা করছি।”

ডিএমপির ডিসিদের টহলে থাকার নির্দেশনা

রাজধানীর বিভিন্ন স্থানে গত পাঁচ দিনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে বিস্ফোরণকারী হিসেবে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে অন্তত ২৭ জন। যাদের মধ্যে অন্তত ২৪ জনকে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সংগঠনের সদস্য বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে।

৫ থেকে ১০ নভেম্বর, মঙ্গলবার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি মিডিয়া অ্যাান্ড পাবলিক রিলেশনস বিভাগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি ও স্ক্রল আকারে দেওয়া ক্ষুদে বার্তা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

রাজধানীর নিরাপত্তা নিশ্চিত ও এ ধরনের নাশকতা বন্ধ করতে গত সোমবার সব বিভাগের ডিসিসহ উর্ধ্বতন কর্মকর্তাদের রাতের বেলায় টহলে থাকার নির্দেশনা দিয়েছে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপির ক্রাইম ডিভিশনের অন্তত তিনজন ডিসির সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন দিন-রাত সব সময়ই চেকপোস্ট ও ফোর্স মোতায়েন বেড়েছে।”