নয় দিনে ৫১ স্থানে হাতবোমা, ৪৫ গাড়িতে আগুন
সহিংসতার এসব ঘটনায় ২১টি মামলা ও ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশে গত নয় দিনে ৫১ স্থানে হাতবোমা বিস্ফোরণ ও ৪৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গত ৭ থেকে ১৫ নভেম্বর এসব ঘটনা ঘটে। সহিংসতার এসব ঘটনায় ২১টি মামলা ও ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাতবোমা বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের দুটি স্থাপনাতেও হাতবোমা বিস্ফোরণের ঘটানো হয়েছে।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বোমাবাজি ও বাসে আগুনের ঘটনা ঘটছে। দেশের সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করে এমন ঘটনা প্রতিরোধে নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের তল্লাশিচৌকি ও টহলও বাড়ানো হয়েছে।
পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তরফে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, তল্লাশিচৌকি স্থাপন, দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
‘নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতা সৃষ্টির অপচেষ্টা’ রুখতে পুলিশের ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার কথা জানিয়ে তিনি বলেন, “অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।”
