বোমা বিস্ফোরণ-আগুন: নাশকতার শঙ্কায় ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ
দিন কয়েক ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় যে আতঙ্ক ছড়িয়েছে, টুঙ্গিপাড়ায় মাইকিং করে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তা আরও বেড়েছে।
সন্ধ্যার ঠিক আগে রাজধানীর মিরপুর থেকে মহাখালী আসার পথে তালতলা ও আগারগাঁওয়ের মাঝে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছে পুলিশ। একই পথে কিছু দূর যেতেই আরেকটি তল্লাশি চৌকি বসানো হয়েছে বিএএফ শাহীন কলেজের সামনের সড়কে।
মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার থামিয়ে দেখছেন পুলিশ সদস্যরা। যাচাই করার চেষ্টা করছেন এগুলোর চালক ও আরোহীদের গতিবিধি; যাদের বড় অংশ অফিসফেরত যাত্রী। অন্য দিনগুলোতে অফিসফেরত যাত্রী ও গাড়ির চাপ থাকায় সাধারণত এ সময়টায় তল্লাশি চৌকিগুলো গুটিয়ে রাখা হয়।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, রাজধানীতে এমন নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়িয়ে ছয়গুণ করা হয়েছে। নাশকতা ঠেকাতে জোরদার করা হয়েছে সার্বিক কর্মকাণ্ড।
বুধবার রাতের মধ্যে চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রায় সব পর্যায়ের কর্মকর্তা এখন মাঠে রয়েছেন।
দিন কয়েক ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় যে আতঙ্ক ছড়িয়েছে, টুঙ্গিপাড়ায় মাইকিং করে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তা আরও বেড়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাতে সড়ক অবরোধের সময় হামলা ও আগুনে কৃষক দলের এক নেতা নিহত হওয়ার পরদিন বুধবার নড়াইলে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে হামলায় কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছে। উভয় হামলার জন্য বিএনপি দায়ী করছে কায্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের।
এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা। বিজিবি মোতায়েন করা হয়েছে অনেক জেলায়।
অন্যান্য স্থানের মতো রাজধানীতে বুধবার সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তে থাকলে নজরদারি বাড়ানো হয়েছে আরও। অপরাধ ও নাশকতা ঠেকাতে তৎপর গোয়েন্দারাও। ঢাকায় ঢোকার ও বের হওয়ার প্রবেশপথগুলোতে জোরদার করা হয়েছে কড়াকড়ি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিস্থিতি সামাল দিতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭৭টি চেকপোস্ট বসানোর তথ্য দিয়েছে। গোয়েন্দা নজরদারি ও টহলও কয়েক গুণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পেছনে চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের দায় দেখছে পুলিশ। সরকার ও বিরোধী দলও তাদের দায়ী করছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির কারণে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেশি হচ্ছে।
চলতি মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ মাসে দুইটা লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করার কথা বলেছে। শেষ দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার লকডাউনের ঘোষণা রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দলটির কিছু নেতাকর্মী। সড়ক অবরোধসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সংসদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, “সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা সকলের জানা। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আমরা সমগ্র দেশবাসী তা জেনেছি। গণতান্ত্রিক জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশও দিয়েছেন।”
তারেক রহমানের ভাষ্য, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো ‘রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দিয়েছেন সরকারপ্রধান।
এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমান পরিস্থিতির পেছনে দেশবিরোধী অপশক্তি রয়েছে অভিযোগ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা চলছে।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনে দলটি ও এর অঙ্গ সংগঠনের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে প্রকাশ্যে দলটির কার্যক্রম ও প্রচার চালানোর সুযোগ নেই।
সে কারণে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির প্রচার করছে আওয়ামী লীগ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচির আগের রাতে রাজধানীসহ দেশের আরও কিছু স্থানে হামলা ও আগুন দেওয়ার খবর আসছে।
নিরাপত্তার কথা ভেবে রাজধানীর কিছু স্কুলে বৃহস্পতিবারের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দিন কয়েক ধরে বেশ কিছু যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায়ে আতঙ্কে রয়েছেন বাস মালিকরাও। বাড়তি সর্তকর্তা নিতে বলেছেন তারা কর্মীদের।
রাজধানীতে তল্লাশি চৌকি বেড়ে ৬ গুণ
ডিএমপিা পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে গত সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আড়াই মাসের বেশি সময়ে ১০৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ১৬টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু নভেম্বরের ১৬ দিনে ককটেল ফোটানো হয়েছে ৭৯টি।
এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কারর্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগকে দায়ী করছে পুলিশ। বেশ কয়েকটি ঘটনায় কয়েকজন আটকও হয়েছে।
বুধবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামরুন মুনিরা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।
জনগণের জানমাল রক্ষায় পুলিশ সতর্ক থাকার পাশাপাশি সর্বোচ্চ পেশাদারত্ব নিশ্চিত করবে বলে তিনি তুলে ধরেন।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানীজুড়ে ১৭৭টি চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে সাধারণ সময়ে সর্বোচ্চ ৩০টি চেকপোস্ট থাকে। নগরীর প্রবেশ ও বাহির পথের পাশাপাশি সব উড়াল সড়কের এন্ট্রি-আউট পয়েন্টসহ গুরুত্বপূর্ণ জায়গায় এসব চেকপোস্ট বসানো হয়েছে।
বিকাল থেকেই লালবাগ ও তেজগাঁও বিভাগের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি দেখা গেছে।
লালবাগ বিভাগের উপ-কমিশনার মোস্তাক সরকার এবং তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ঊর্ধ্বতনদের নির্দেশে সব ধরনের পুলিশ সদস্য এবং সিনিয়র অফিসাররা মাঠে থেকে আইনশৃঙ্খলার স্বার্থে টহল ও চেকপোস্ট জোরদার করেছেন।
লালবাগ বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার এবং তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঊর্ধ্বতনদের নির্দেশে সব স্তরের পুলিশ সদস্য ও কর্মকর্তারা মাঠে থেকে টহল এবং তল্লাশি চৌকিতে নিরাপত্তা জোরদার করেছেন।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, কায্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির কারণেই ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা বাড়ছে।
পুলিশ তাদের এই কর্মসূচিকে আমলে নিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে তুলে ধরেন তিনি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম মনে করছেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে চলমান নাশকতার অংশ হিসেবে গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর রমনা এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ডিএমপির পরিসংখ্যান বলছে, ককটেল বিস্ফোরণ এবং বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মোট ১২৪টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৬৭ জনকে। উদ্ধার করা হয়েছে ৭৫টি অবিস্ফোরিত ককটেল।
