চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
তারপর রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে।
দুটি ঘটনাতেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, দীপু মনির বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছিল। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
