২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৭ পাটের গুদাম ভস্মীভূত, দুই কোটি টাকা ক্ষতির দাবি

খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 04:18 PM

Updated : 25 Oct 2026, 04:18 PM

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা।

বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান মামুন, কাসেদ মণ্ডল বলেন, রাত ৮টার দিকে হঠাৎ করেই পাটের একটি গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুত আগুন একে একে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুইটি কাচামালের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়। যার মূল্যে প্রায় দুই কোটি টাকা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।