২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সড়কে রাখা বাসে আগুন, পুড়েছে পাশের দোকানের সিসি ক্যামেরাও

বাসে থাকা হেলপার ভোরে ফজরের নামাজের জন্য মসজিদে যান। সেখান থেকে ফিরে এসে তিনি বাসে আগুন জ্বলতে দেখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 12:11 PM

Updated : 26 Nov 2026, 12:11 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ আগুনে পাশের দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরাও পুড়ে ছাই হয়ে যায়৷

বৃহস্পতিবার ভোরে রামগঞ্জ বাস স্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে পার্কিং করে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন।

তিনি বলেন, বাসটির চালক মমিন হোসেন রাতে ঘটনাস্থলে পার্কিং করে রেখে যায়। আর বাসটির হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতেও গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যান।

তবে সেখান থেকে ফিরে এসে তিনি বাসে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাস মালিক আমজাদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।”

এদিকে আগুনে পাশের দোকান রাজু অটোর সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে দাবি করে দোকান মালিক ইউছুফ আলী বাবু বলেন, “বাসটি এখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেনি। ”

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম বলে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই বাসটি পুড়ে যায়। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।