চকবাজারের আগুন: ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ার সার্ভিস সদস্য পর্যবেক্ষণে
মনসুর খান টাওয়ারে আগুন লাগে সোমবার বিকালে; ১২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর চকবাজারে মনসুর খান টাওয়ারের আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চার ফায়ার সার্ভিস সদস্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন।
তারা হলেন— পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান (৪০) ও লিডার মো. নজরুল ইসলাম (৫০), সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ (৩৫)) এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহফুজুর হক মজুমদার।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় অতিরিক্ত ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
সোমবার বিকাল ৫টার পরপর পুরান ঢাকার ওই মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। দীর্ঘ ১২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, পুরান ঢাকার তীব্র যানজট, সরু গলি এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
তাছাড়া পানির উৎসের স্বল্পতা এবং ঘন ধোঁয়ার কারণেও আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। পরে ‘স্মোক ইজেক্টর’ ব্যবহার করে অগ্নিনির্বাপক কর্মীরা ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনেন।
