১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

প্রতি দুজন মানুষের মধ্যে একজন জানেনই না যে তার শরীরে বাসা বেঁধেছে নীরব ঘাতক। ডায়াবেটিসের অদৃশ্য থাবা নিয়ে বাংলাদেশের অসংক্রামক রোগের ঝুঁকিবিষয়ক জাতীয় জরিপের প্রধান গবেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে লিখেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বায়জীদ খুরশীদ রিয়াজ।

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

কোনো উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস; তাই ঝুঁকি এড়াতে নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করানো জরুরি। প্রতীকী ছবি

বায়জীদ খুরশীদ রিয়াজ বায়জীদ খুরশীদ রিয়াজ

Published : 14 Nov 2026, 02:26 AM

Updated : 14 Nov 2026, 03:52 AM

ধরুন, আপনার পরিচিত প্রতি দুজন মানুষের মধ্যে একজন নিজের শরীরের একটি নীরব বিপদ সম্পর্কে কিছুই জানেন না; অথচ বিপদটি ইতিমধ্যে তার শরীরে বাসা বেঁধেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু বাংলাদেশের একটি জাতীয় স্বাস্থ্য জরিপে পাওয়া গেছে এমনই এক উদ্বেগজনক চিত্র।

বাংলাদেশের অসংক্রামক রোগের ঝুঁকিবিষয়ক জাতীয় জরিপ (STEPS 2018)-এ আমি প্রধান গবেষক হিসেবে কাজ করেছিলাম। ওই জরিপের ফলাফলে দেখা গেছে, যাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বলে শনাক্ত হয়েছে, তাদের ৫১.৪ শতাংশই জানতেন না যে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। অর্থাৎ, জরিপে শনাক্ত হওয়া এই জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নিজেদের শরীরের বিপদসংকেত সম্পর্কে অজ্ঞাত ছিলেন।

সংখ্যাটি আমাকে বিশেষভাবে ভাবায়। কারণ এটি শুধু ডায়াবেটিসের ব্যাপকতার কথা বলে না; বলে আমাদের স্বাস্থ্যসচেতনতা, রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধব্যবস্থার গভীর দুর্বলতার কথাও।

মানুষ সাধারণত রোগকে ভয় পায়। কিন্তু যে রোগ সম্পর্কে সে জানেই না, তার বিরুদ্ধে লড়াই করবে কীভাবে? ডায়াবেটিসের বিপদ এখানেই। টাইপ-২ ডায়াবেটিস অনেক সময় বছরের পর বছর কোনো সুস্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে অবস্থান করতে পারে। মানুষ নিজেকে সুস্থ মনে করে দৈনন্দিন জীবন চালিয়ে যায়, অথচ তার হৃদযন্ত্র, রক্তনালি, কিডনি, চোখ ও স্নায়ুতন্ত্র নীরবে ক্ষতিগ্রস্ত হতে থাকে।

গবেষণার পরিসংখ্যান: অজ্ঞতা থেকে নিয়ন্ত্রণহীনতা

১৮-৬৯ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে পরিচালিত ওই জরিপে দেখা যায়, প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮.৩ শতাংশের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। এই হিসাবের মধ্যে আগে থেকে শনাক্ত এবং চিকিৎসার মাধ্যমে পরীক্ষার সময় গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।

কিন্তু রোগ শনাক্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা ও সচেতনতার চিত্রটি আরও উদ্বেগজনক। তাদের মধ্যে ৫১.৪ শতাংশ জানতেনই না যে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। ১০.৪ শতাংশ জানতেন যে তাদের রক্তে গ্লুকোজ বেশি, কিন্তু চিকিৎসা গ্রহণ করছিলেন না। ২৪.৭ শতাংশ চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু তাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে ছিল না। আর মাত্র ১৩.৬ শতাংশ চিকিৎসা গ্রহণের মাধ্যমে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন।

চারটি পরিসংখ্যান পাশাপাশি রাখলে আমাদের সামনে একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে:

৫১.৪ শতাংশ—নিজের রক্তে গ্লুকোজ বেশি, তা জানেন না।

১০.৪ শতাংশ—জানেন, কিন্তু চিকিৎসা নিচ্ছেন না।

২৪.৭ শতাংশ—চিকিৎসা নিচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণে নেই।

মাত্র ১৩.৬ শতাংশ—চিকিৎসা নিচ্ছেন এবং নিয়ন্ত্রণে আছেন।

জানেন না, তাই চিকিৎসাও নিচ্ছেন না

ডায়াবেটিসের প্রথম সংকট হলো রোগ সম্পর্কে অজ্ঞতা। এর পেছনে ব্যক্তিগত অসচেতনতার পাশাপাশি রোগ শনাক্তকরণের সুযোগ ও উদ্যোগের অভাবও রয়েছে। জরিপে দেখা গেছে, মাত্র ২৫.১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে কখনো কোনো চিকিৎসক বা স্বাস্থ্যসেবাদাতার মাধ্যমে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা হয়েছিল। ৪০-৬৯ বছর বয়সীদের মধ্যেও এই হার ছিল মাত্র ৩৬.৭ শতাংশ।

অর্থাৎ, অধিকাংশ মানুষের জীবনে কখনো রক্তের গ্লুকোজ পরীক্ষা করার সুযোগ বা উদ্যোগ হয়নি। এটি শুধু ব্যক্তির অসচেতনতা নয়; প্রাথমিক স্বাস্থ্যসেবায় রোগ শনাক্তকরণের দুর্বলতারও প্রতিফলন।

জেনেছেন, কিন্তু চিকিৎসা নিচ্ছেন না

দ্বিতীয় সংকটটি আরও বিস্ময়কর। কেউ কেউ জানেন যে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, কিন্তু চিকিৎসা গ্রহণ করেন না। জরিপে এই হার ছিল ১০.৪ শতাংশ।

আমাদের সমাজে এখনো এমন প্রবণতা আছে যে শরীরে কোনো অসুবিধা অনুভূত না হলে চিকিৎসার প্রয়োজন নেই। অনেকে মনে করেন, খাদ্যাভ্যাস পরিবর্তন বা হাঁটাহাঁটি শুরু করলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কেউ কেউ আবার মনে করেন, ওষুধ শুরু করলে সারা জীবন ওষুধ খেতে হবে, তাই যত দিন সম্ভব ওষুধ এড়িয়ে চলাই ভালো।

এসব ধারণা বিপজ্জনক। ডায়াবেটিসের চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। জীবনযাত্রার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেকের ক্ষেত্রে ওষুধ কিংবা ইনসুলিন প্রয়োজন হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা শুরু করা বা বন্ধ করা কোনোটিই নিরাপদ নয়।

চিকিৎসা নিচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণে নেই

তৃতীয় সমস্যাটি হলো চিকিৎসা গ্রহণ করেও রোগ নিয়ন্ত্রণে রাখতে না পারা। জরিপে রক্তে গ্লুকোজ বেশি বলে শনাক্ত হওয়া ব্যক্তিদের ২৪.৭ শতাংশ চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু তাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে ছিল না।

এটি আমাদের মনে করিয়ে দেয়, শুধু ওষুধের ব্যবস্থাপত্র হাতে থাকলেই চিকিৎসা সম্পন্ন হয় না। ওষুধের যথাযথ ব্যবহার, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, নিয়মিত পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ—সবকিছুর সমন্বয় প্রয়োজন।

আবার যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে, তাদেরও চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত নয়। জরিপে ওষুধ বন্ধ করার অন্যতম কারণ হিসেবে অনেকেই বলেছেন, ওষুধের প্রয়োজন নেই অথবা রক্তের গ্লুকোজ স্বাভাবিক হয়ে গেছে। অথচ নিয়ন্ত্রণে থাকা আর রোগটি সম্পূর্ণ সেরে যাওয়া এক বিষয় নয়।

তাহলে সাধারণ মানুষের করণীয় কী?

ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার অর্থ শুধু রোগটির লক্ষণ জানা নয়; নিজের ঝুঁকি সম্পর্কে জানা এবং সময়মতো পরীক্ষা করানোও সচেতনতার অংশ। প্রশ্ন আসে—যাঁর কোনো উপসর্গ নেই, তিনি কখন রক্তের গ্লুকোজ পরীক্ষা করবেন? নির্দিষ্ট বয়সের পর সবাইকে নির্বিচারে পরীক্ষা করার পরামর্শ দেওয়া কি যুক্তিসংগত?

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের চিকিৎসা নির্দেশিকা (২০২৬) অনুযায়ী, সাধারণ ঝুঁকির প্রাপ্তবয়স্কদের ৩৫ বছর বয়স থেকে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের পরীক্ষা শুরু করা উচিত। তবে অতিরিক্ত ওজন বা স্থূলতার সঙ্গে ডায়াবেটিসের এক বা একাধিক ঝুঁকির উপাদান থাকলে যেকোনো প্রাপ্তবয়স্ক বয়সেই পরীক্ষা বিবেচনা করতে হবে।

দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ বিষয় হলো, অতিরিক্ত ওজনের ঝুঁকি বিবেচনায় বডি মাস ইনডেক্স (BMI) ২৩ কেজি/বর্গমিটার থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মা-বাবা, ভাই-বোনের ডায়াবেটিসের ইতিহাস, উচ্চ রক্তচাপ, শারীরিক নিষ্ক্রিয়তা, হৃদরোগ, রক্তে এইচডিএল কোলেস্টেরল কম বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকা এবং নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে অপেক্ষাকৃত কম বয়সেই পরীক্ষা প্রয়োজন হতে পারে।

প্রথম পরীক্ষায় ফলাফল স্বাভাবিক থাকলে অন্তত তিন বছর পর পুনরায় পরীক্ষা করা যুক্তিসংগত। তবে প্রি-ডায়াবেটিস শনাক্ত হলে বছরে অন্তত একবার পরীক্ষা করা উচিত। ওজন বৃদ্ধি বা নতুন কোনো ঝুঁকি তৈরি হলে তিন বছর অপেক্ষা না করে আগেই পরীক্ষা করানো দরকার।

বিশেষভাবে মনে রাখা দরকার, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অকারণে ওজন কমে যাওয়া, অস্বাভাবিক ক্লান্তি বা ঝাপসা দৃষ্টির মতো উপসর্গ দেখা দিলে নির্ধারিত বয়সের অপেক্ষা করা যাবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পরীক্ষা করাতে ভয় পাবেন না; বরং পরীক্ষা না করিয়ে অজ্ঞাত থাকার ঝুঁকিটিকে ভয় করুন।

শুধু ব্যক্তির সচেতনতা নয়, রাষ্ট্রেরও দায়িত্ব আছে

রাষ্ট্রকে এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে একজন মানুষ সহজে নিজের ঝুঁকি জানতে পারবেন, প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন এবং রোগ শনাক্ত হলে চিকিৎসা পাবেন।

প্রথমত, প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে ঝুঁকিভিত্তিক রোগ শনাক্তকরণের বিদ্যমান ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। ২০১২ সাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে ‘এনসিডি কর্নার’ প্রতিষ্ঠা করা হয়েছে; এখানে আগত প্রাপ্তবয়স্কদের উচ্চতা, ওজন, কোমরের মাপ, রক্তচাপ ও পারিবারিক ইতিহাসের মতো ঝুঁকির উপাদান মূল্যায়ন করার ব্যবস্থা রয়েছে। তবে এখানে সুনির্দিষ্ট জনবলের অভাব রয়েছে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র এবং নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রেও রক্তের গ্লুকোজ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয়ত, শুধু পরীক্ষা করালেই দায়িত্ব শেষ হবে না। যাদের রক্তে গ্লুকোজ বেশি পাওয়া যাবে, তাদের রোগ নির্ণয় নিশ্চিত করা, চিকিৎসকের পরামর্শ দেওয়া, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে হবে। পরীক্ষার পর রোগীর আর কোনো খোঁজ না নেওয়া হলে স্ক্রিনিং কার্যক্রমের উদ্দেশ্যই ব্যর্থ হবে।

তৃতীয়ত, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী বা বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করতে হবে। ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ। নিয়মিত পরীক্ষা ও ওষুধের ব্যয় অনেক পরিবারের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মানসম্মত ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা সহজলভ্য করা তাই অত্যন্ত জরুরি।

চতুর্থত, জাতীয় পর্যায়ে রোগের প্রবণতা ও চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। STEPS-এর মতো জাতীয় জরিপ নির্দিষ্ট সময় পরপর পরিচালনা করা প্রয়োজন। শুধু কতজন ডায়াবেটিসে আক্রান্ত, তা জানলেই হবে না; কতজন রোগ সম্পর্কে জানেন, কতজন চিকিৎসা নিচ্ছেন এবং কতজনের রোগ নিয়ন্ত্রণে আছে, সেসব সূচকও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

রাষ্ট্রের দায়িত্ব শুধু অসুস্থ মানুষের চিকিৎসা করা নয়; মানুষ অসুস্থ হওয়ার আগেই তার স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করার সুযোগ তৈরি করাও রাষ্ট্রের দায়িত্ব।

শুধু বিপদ নয়, ডায়াবেটিসও একা আসে না

ডায়াবেটিসকে বিচ্ছিন্নভাবে দেখারও সুযোগ নেই। এটি অসংক্রামক রোগের বৃহত্তর সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ এবং ডায়াবেটিস—এসব অসংক্রামক রোগ বিশ্বজুড়ে অকালমৃত্যু ও দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। এসব রোগের ঝুঁকির পেছনে অনেক ক্ষেত্রে একই ধরনের উপাদান বা কারণ কাজ করে। তামাক ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ, পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি না খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত ওজন—এসব ঝুঁকি ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগও অন্যান্য অসংক্রামক রোগেরও আশঙ্কা বাড়ায়।

একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তাই শুধু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করলেই সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি দূর হয় না। তার রক্তচাপ, রক্তের চর্বি, কিডনির কার্যকারিতা, চোখ ও হৃদযন্ত্রের অবস্থাও বিবেচনায় রাখতে হবে।

অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যক্তিগত আচরণের পরিবর্তনের পাশাপাশি খাদ্যব্যবস্থা, তামাক নিয়ন্ত্রণ, নগর পরিকল্পনা, শারীরিক পরিশ্রমের সুযোগ এবং স্বাস্থ্যসেবার সহজলভ্যতা—সবকিছুর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অজ্ঞতার অন্ধকার থেকে সচেতনতার আলোয়

বাংলাদেশের অসংক্রামক রোগ মোকাবিলায় শুধু চিকিৎসাসেবার সম্প্রসারণ যথেষ্ট নয়। মানুষের আচরণ, ধারণা ও স্বাস্থ্যসচেতনতার পরিবর্তনও অপরিহার্য। আমাদের মনে রাখতে হবে, ডায়াবেটিস এমন একটি রোগ, যা অনেক সময় মানুষকে অসুস্থ বোধ করানোর আগেই শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। তাই অসুস্থ বোধ করার অপেক্ষায় থাকলে চলবে না।

যিনি জানেন না তার ডায়াবেটিস আছে, তাঁকে যথাযথ পরীক্ষার আওতায় আনতে হবে। যিনি জানেন, কিন্তু চিকিৎসা নিচ্ছেন না, তাঁকে চিকিৎসার গুরুত্ব বোঝাতে হবে। যিনি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু রোগ নিয়ন্ত্রণে নেই, তার চিকিৎসা ব্যবস্থাপনা পুনর্মূল্যায়ন করতে হবে। আর যাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, তাঁকেও নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা চালিয়ে যেতে হবে।

এই চারটি পর্যায়ে আমাদের সাফল্যই ডায়াবেটিস মোকাবিলার প্রকৃত সাফল্য।

বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের অঙ্গীকার হোক—শুধু ডায়াবেটিস সম্পর্কে জানব না, নিজের রক্তের গ্লুকোজের মাত্রাও জানব। পরিবারে, কর্মক্ষেত্রে এবং সমাজে অন্যদেরও সচেতন করব।

কারণ অজ্ঞতা কখনো স্বাস্থ্যের নিশ্চয়তা নয়। বরং অনেক সময় আমরা যে বিপদটি দেখতে পাই না, সেটিই নীরবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিসাধন করে।

রোগ শনাক্ত হওয়া চিকিৎসার শেষ কথা নয়; বরং তা সুস্থতার পথে যাত্রার শুরু।

বায়জীদ খুরশীদ রিয়াজ: জনস্বাস্থ্য ও হাসপাতাল প্রশাসন বিশেষজ্ঞ। ইমেইল: baizid.romana@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।