চোখ, কিডনি ও পায়ের সুরক্ষা: ডায়াবেটিস রোগীদের জরুরি পরীক্ষা ও যত্ন
দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চোখ, কিডনি, হৃদযন্ত্র ও স্নায়ুর নীরবে ক্ষতি করতে পারে।
রক্তে শর্করার মাত্রা মেপে ওষুধ খেলেই ডায়াবেটিসের যত্ন শেষ হয় না। চোখ, কিডনি, হৃদযন্ত্র ও স্নায়ুর সুস্থতায় প্রয়োজন- নিয়মিত পরীক্ষা, পায়ের যত্ন, পরিমিত খাবার আর চিকিৎসকের পরামর্শ।
ডায়াবেটিস ধরা পড়ার পর খাবারের তালিকা বদলায়, মিষ্টি খাওয়ার বিষয়ে সতর্কতা বাড়ে, শুরু হয় ওষুধ বা ইনসুলিন নেওয়া।
তবে কয়েক মাস পর রক্তে শর্করার মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এলেই স্বস্তি বোধ করে নিয়মিত পরীক্ষা করানো, চিকিৎসকের কাছে যাওয়া বা খাবার ও শরীরচর্চার নিয়ম মেনে চলার বিষয়ে ধীরে গতির প্রবণতা দেখা যায়।
অথচ ডায়াবেটিসের যত্ন কেবল রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। আর দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত শর্করা শরীরের বিভিন্ন অঙ্গহানীও করতে পারে, যার অনেকটাই শুরুতে বোঝা যায় না।
সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ কামরুল হাসান এ বিষয়ে বলেন, “দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালি ও স্নায়ুর ক্ষতি হতে পারে। তখন হৃদ্-রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, পায়ের ক্ষত এবং গুরুতর অবস্থায় পা কেটে ফেলার মতো জটিলতাও দেখা দিতে পারে।”
শুধু শর্করা মাপলেই দায়িত্ব শেষ নয়
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা গুরুত্বপূর্ণ। তবে কত ঘন ঘন পরীক্ষা করতে হবে, সেটা নির্ভর করে রোগের ধরন, ব্যবহৃত ওষুধ, ইনসুলিন নেওয়া হচ্ছে কি-না এবং শর্করার ওঠানামার ওপর।
কারও দিনে একাধিকবার পরীক্ষা করার প্রয়োজন হতে পারে, আবার কারও ক্ষেত্রে চিকিৎসকের নির্ধারিত বিরতিতে পরীক্ষা করাই যথেষ্ট।
পাশাপাশি শুধু রক্তে শর্করা নয়, রক্তচাপ ও রক্তে চর্বির মাত্রাও নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কারণ ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা থাকলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি আরও বাড়তে পারে।
চোখ, কিডনি ও স্নায়ুর যত্নে নিয়মিত পরীক্ষা
ডায়াবেটিসের সমস্যা হল, এর অনেক জটিলতা নীরবে তৈরি হয়।
“রেটিনার ক্ষতিতে শুরুতেই দৃষ্টিশক্তিতে তেমন পরিবর্তন নাও আসতে পারে। তবে সময় গেলে পরে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে”, বলেন এই চিকিৎসক।
কিডনির ক্ষেত্রেও একই সতর্কতা
ডায়াবেটিসের কারণে কিডনি বা বৃক্কের সূক্ষ্ম রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনও লক্ষণই থাকে না।
ডা. কামরুল বলেন, “এজন্য প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিনের উপস্থিতি এবং রক্তে ক্রিয়েটিনিনের মাধ্যমে কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।”
নির্দিষ্ট সময় পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব পরীক্ষা প্রয়োজন হতে পারে।
পায়ের যত্নে প্রতিদিনের অভ্যাস
গোসলের সময় বা অন্য কোনও সুবিধাজনক সময়ে পায়ের পাতা, আঙুলের ফাঁক, গোড়ালি ও নখের চারপাশ দেখে নেওয়া উচিত। কোথাও কাটা, ফোসকা, ফাটল, লালচেভাব বা ফোলা আছে কি-না তা খেয়ালে রাখার পরামর্শ দেন, এই বিশেষজ্ঞ।
পা পরিষ্কার রাখার পাশাপাশি শুকনাও রাখতে হবে, বিশেষ করে আঙুলের ফাঁকে। ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার ব্যবহার করা যায়। খালি পায়ে হাঁটা এড়িয়ে আরামদায়ক ও সঠিক মাপের জুতা পরতে হবে।
খাবার ও শরীরচর্চায় ধারাবাহিকতা
ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের পরিমাণ, সময় এবং উপাদানের ভারসাম্য ঠিক রাখা দরকার। অতিরিক্ত চিনি, মিষ্টি পানীয়, পরিশোধিত শর্করা ও অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার রোগীর জন্য সহায়ক নয়।
তবে ওজন, বয়স, শারীরিক পরিশ্রম ও ওষুধের ধরন অনুযায়ী খাদ্যতালিকা আলাদা হতে পারে। তাই সবার জন্য আবার একই খাবারের নিয়ম প্রযোজ্য নয়।
এছাড়া সাধারণভাবে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রমের পরামর্শ দিয়েছেন, চিকিৎসক কামরুল হাসান।
তবে হৃদরোগ, চোখের জটিলতা, পায়ের ক্ষত বা অন্য শারীরিক সমস্যায় ব্যায়ামের ধরন ও মাত্রা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ঠিক করা উচিত।
ওষুধ বন্ধ করা কি নিরাপদ?
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পর নিজের সিদ্ধান্তে ওষুধ কমিয়ে বা বন্ধ করে দেওয়াও পরিচিত প্রবণতা। রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার ভয়, ওষুধের খরচ, পার্শ্বপ্রতিক্রিয়া বা দীর্ঘদিন ওষুধ খাওয়ার ক্লান্তি থেকেও অনিয়ম তৈরির পেছনের কারণ হিসেবে কাজ করে।
আবার অনেকে নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়ারই প্রয়োজন অনুভব করেন না। তবে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নিজের সিদ্ধান্তে বন্ধ করা ঝুঁকিপূর্ণ।
তাই ডা. কামরুলের পরামর্শ হল, “অন্যান্য সমস্যা এড়ানোর জন্য চিকিসৎকের তত্ত্বাবধানে নিয়মিত পর্যবেক্ষণে থাকাই হবে সুস্থ থাকার পন্থা।”
