১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন?

বারবার তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব বা অকারণে ওজন কমে যাওয়াকে সাধারণ ক্লান্তি ভেবে অবহেলা করছেন? প্রচলিত ধারণার বাইরেও ডায়াবেটিস হওয়ার আরও লক্ষণ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 08:09 PM

Updated : 13 Nov 2026, 08:09 PM

বারবার তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব, অকারণে ওজন কমে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তি- এই লক্ষণগুলোকে সাধারণ শারীরিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকলেও, হতে পারে ডায়াবেটিসের সতর্কসংকেত।

আবার কোনও লক্ষণ না থাকলেও শরীরে এ রোগ স্থান করে নিতে পারে। তাই ঝুঁকি জানা ও সময়মতো পরীক্ষা করানো দুটোই জরুরি।

ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ, যা শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। আর খাবার থেকে পাওয়া শর্করা শরীরের কোষে পৌঁছে শক্তি তৈরিতে সাহায্য করে ইনসুলিন নামের হরমোন।

অগ্ন্যাশয় থেকে তৈরি এই হরমোন পর্যাপ্ত পরিমাণে না হলে বা শরীর ঠিকভাবে ব্যবহার করতে না পারলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।

ওপরের তথ্যগুলো জানিয়ে, সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ কামরুল হাসান বলেন, “আর দীর্ঘদিন এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখ, স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডায়াবেটিসের জটিলতা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গকেও আক্রান্ত করতে পারে।

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছরের প্রচারে গুরুত্ব দেওয়া হয়েছে আগেভাগে রোগ শনাক্ত এবং ঝুঁকি কমানোর উপায়ে।

টাইপ ১ ও টাইপ ২—পার্থক্য কোথায়?

ডায়াবেটিসের ধরন একাধিক। এর মধ্যে পরিচিত ‘টাইপ ১’ ও ‘টাইপ ২’। তবে রোগের কারণ, প্রকাশের ধরন এবং চিকিৎসার প্রয়োজন এক নয়।

‘টাইপ ১’ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। ফলে শরীরে ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায় বা খুব কমে যায়।

এ ধরনের ডায়াবেটিস সাধারণত শিশু, কিশোর ও তরুণদের মধ্যে বেশি দেখা গেলেও যে কোনও বয়সেই হতে পারে।

“এছাড়া নিয়মিত ইনসুলিনও নিতে হয়। তবে এটি কেবল বেশি মিষ্টি খাওয়া বা অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে হয় না”, বলেন এই বিশেষজ্ঞ।

অন্যদিকে, ‘টাইপ ২’ ডায়াবেটিসে শরীরের কোষ ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না। একে ইনসুলিন প্রতিরোধ বলা হয়। সময়ের সঙ্গে অগ্ন্যাশয় প্রয়োজনীয় পরিমাণ ইনসুলিন তৈরি করতেও হিমশিম খেতে পারে।

অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমা, শারীরিক পরিশ্রমের অভাব, পারিবারিক ইতিহাস, বয়স ও কিছু শারীরিক অবস্থার সঙ্গে এ ধরনের ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই সম্পর্কিত।

তবে শুধু বেশি ওজনের মানুষেরই যে ‘টাইপ ২’ ডায়াবেটিস হবে, এমন নয়। স্বাভাবিক ওজনের মানুষেরও এই রোগ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্তের মধ্যে ৯৫ শতাংশের বেশি টাইপ ২ ডায়াবেটিসে ভোগেন। এ ধরনের ডায়াবেটিস অনেক সময় ধীরে ধীরে তৈরি হয়। ফলে রোগের শুরুতে স্পষ্ট কোনো লক্ষণ নাও দেখা দিতে পারে।

কোন লক্ষণগুলো অবহেলা নয়?

ডায়াবেটিসের কিছু পরিচিত লক্ষণ আছে। যেমন স্বাভাবিকের তুলনায় বেশি তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে বারবার ঘুম ভেঙে শৌচাগারে যাওয়া, অতিরিক্ত ক্ষুধা লাগা, অকারণে ওজন কমে যাওয়া, দুর্বলতা বা ক্লান্তি এবং চোখে ঝাপসা দেখা।

কারও কারও ক্ষত শুকাতে দেরি হতে পারে। ত্বক বা শরীরের কিছু অংশে বারবার সংক্রমণও দেখা দিতে পারে।

“তবে এসব লক্ষণ থাকলেই যে ডায়াবেটিস হয়েছে, তা নিশ্চিত নয়। অন্য শারীরিক সমস্যাতেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে”, বলেন ডা. কামরুল।

অন্য কোনও কারণে রক্ত পরীক্ষা করাতে গিয়ে বা চোখ, কিডনি বা হৃদ্-যন্ত্রের সমস্যার পরীক্ষা করতে গিয়ে ডায়াবেটিস ধরা পড়ে।

লক্ষণ থাকলেও পরীক্ষা করাতে অনীহা কেন?

ডা. কামরুল বলেন, “অনেকেই ঘন ঘন প্রস্রাব হওয়া বা অতিরিক্ত তৃষ্ণাকে আবহাওয়া, বেশি পানি পান বা বয়সের স্বাভাবিক পরিবর্তন বলে ধরে নেন। আর ক্লান্তিকে কাজের চাপ, ঘুমের ঘাটতি বা দুর্বলতার ফল মনে করা হয়। কেউ কেউ ওজন কমাকে ইতিবাচক পরিবর্তন ভেবেও গুরুত্ব দেন না।”

আবার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস না থাকলে নিজের ঝুঁকি কম বলে মনে করার প্রবণতাও রয়েছে।

কেউ কেউ ভাবেন, ডায়াবেটিস ধরা পড়লে সারা জীবন ওষুধ খেতে হবে- এই ভয় থেকেও পরীক্ষা এড়িয়ে যাওয়ার অবহেলা দেখা যায়। কারও ক্ষেত্রে চিকিৎসার খরচও রোগ সম্পর্কে ভুল ধারণা বাধা হয়ে দাঁড়ায়- মন্তব্য করেন এই চিকিৎসক।

কারা ঝুঁকিতে, কখন পরীক্ষা দরকার?

অতিরিক্ত ওজন, পেটের চারপাশে চর্বি জমা, নিয়মিত শারীরিক পরিশ্রম না করা, উচ্চ রক্তচাপ, রক্তে অস্বাভাবিক চর্বির মাত্রা এবং প্রাক্‌-ডায়াবেটিস ধরা পড়ার ইতিহাস থাকলেও ঝুঁকি বাড়ে।

নারীদের ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস বা ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’ থাকলে চিকিৎসক পরীক্ষা দিতে পারেন।

৬ মাস বা বছরে একবার হলেও ডায়াবেটিসসহ আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন, চিকিৎসক কামরুল হাসান।

বয়স বাড়ার সঙ্গে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তবে কম বয়সিদেরও এ রোগ হতে পারে।

তাই শুধু বয়সের ওপর নির্ভর করে ঝুঁকি বিচার করা ঠিক নয়। গর্ভাবস্থায় নির্দিষ্ট সময়ে গর্ভকালীন ডায়াবেটিসের পরীক্ষাও প্রয়োজন।

ডায়াবেটিস শনাক্ত করার জন্য কয়েক ধরনের রক্ত পরীক্ষা করা হয়।

“উপবাস বা খাদ্য বিরতির পর রক্তে শর্করা মাপার পরীক্ষায় অন্তত আট ঘণ্টা না খেয়ে থাকতে হয়। আর দীর্ঘমেয়াদি গড় শর্করার ধারণা পেতে করা হয় এইচবিএ১সি পরীক্ষা, যেখানে সাধারণত আগের দুই থেকে তিন মাসের গড় রক্ত-শর্করার একটি চিত্র পাওয়া যায়”, বলেন ডা. কামরুল।

কিশোরদের ক্ষেত্রেও সতর্কতা

ডায়াবেটিস কেবল বয়স্কদের রোগ, এ ধারণা ভুল। কারণ শিশু ও কিশোরদের মধ্যেও টাইপ ১ ডায়াবেটিস দেখা দিতে পারে।

ডা. কামরুল বলেন, “হঠাৎ অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, বিছানা ভিজিয়ে ফেলা, অকারণে ওজন কমে যাওয়া, দুর্বলতা ও ক্ষুধা বেড়ে যাওয়ার মতো পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন।”

টাইপ ১ ডায়াবেটিস যে কোনও বয়সে হতে পারে। তাই কেবল শিশুর বয়স বা শারীরিক গড়ন দেখে ঝুঁকি অবহেলা করা যাবে না।

অন্যদিকে, কিশোরদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে, বিশেষ করে অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস ও শারীরিক নিষ্ক্রিয়তার মতো কারণ থাকলে।

প্রচলিত ভুল ধারণা থেকে বেরিয়ে আসা

শুধু মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়, রোগটি কেবল মোটা মানুষের হয় বা পরিবারের কারও ডায়াবেটিস না থাকলে নিজের হওয়ার আশঙ্কা নেই- ডায়াবেটিস নিয়ে ধারণাগুলো বেশ পরিচিত।

আরেকটি ভুল ধারণা হল, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হয়ে গেলে ওষুধ বন্ধ করা যায়।

“তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা ইনসুলিন বন্ধ করা বিপজ্জনক হতে পারে। একইভাবে ইনসুলিন নেওয়া মানেই রোগের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমন নয়”, বলেন ডা. কামরুল।

টাইপ ১ ডায়াবেটিসে ইনসুলিন প্রয়োজন। আবার টাইপ ২ ডায়াবেটিসেও প্রয়োজন অনুযায়ী ইনসুলিন দেওয়া হতে পারে।