১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ?

“কারো ডায়রিয়া হলে তরল খাবার দেওয়া হয়। এই খাবার যেমন সর্বজনীন নয়, তেমনি কিটো ডায়েটও সবার জন্য নয়,” বলেন পুষ্টিবিদ সিরাজাম মুনিরা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ?

ইলাস্ট্রেশন: জেমিনাই

আব্দুস সবুর লোটাস আব্দুস সবুর লোটাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 11:07 PM

Updated : 13 Nov 2026, 11:07 PM

দ্রুত ওজন কমাতে, এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকে বেছে নিচ্ছেন বিশেষ খাদ্যাভ্যাস— কিটো ডায়েট।

কিন্তু এ খাদ্যাভ্যাস কার জন্য প্রযোজ্য, কতটুকু প্রযোজ্য, তা বেশির ভাগ ক্ষেত্রে যাচাই-বাছাই করা হচ্ছে না। ফলে অনেক রোগীর শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়ছে।

ইনসুলিন বন্ধ করে দিয়ে এ খাদ্যাভ্যাস মেনে চলার পরামর্শ দেওয়ায় এক রোগীর মৃত্যুর অভিযোগও সম্প্রতি সরকারের নজরে এসেছে। এ নিয়ে তদন্তও চলছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ পদ্ধতি সবার জন্য উপযোগী নয়। বরং দীর্ঘমেয়াদে এটি পুষ্টির ঘাটতিসহ নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

কিটো ডায়েট কী এবং যেভাবে কাজ করে?

কিটো ডায়েটের মূল মন্ত্র হল কার্বোহাইড্রেটকে এড়িয়ে চলা। এ পদ্ধতি কার্বোহাইড্রেট গ্রহণকে সীমিত করার ওপর জোর দেওয়া হয়, যেন শরীর 'কিটোসিস' পর্যায়ে প্রবেশ করে।

‘কিটোসিস’ একটি স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া। কার্বোহাইড্রেট কম খেলে শরীরে শক্তির জন্য পর্যাপ্ত গ্লুকোজ না থাকায় শরীর সঞ্চিত চর্বি ভাঙতে শুরু করে। এতে ‘কিটোন’ তৈরি হয়, যা শরীর শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান এম এ হালিম খান বলেন, কিটো ডায়েট এমন খাদ্যপদ্ধতি, যেখানে কার্বোহাইড্রেট অত্যন্ত কম। সাধারণত মোট ক্যালরির ১০ শতাংশেরও কম, দিনে ২০-৫০ গ্রাম।

তিনি বলেন, খাদ্যের বড় অংশ ফ্যাট থেকে আসে। কার্বোহাইড্রেট কমে গেলে শরীর গ্লুকোজের পরিবর্তে ফ্যাট ভাঙতে শুরু করে এবং লিভার থেকে ‘কিটোন বডি’ তৈরি হয়। এ অবস্থাকে ‘নিউট্রিশনাল কিটোসিস’ বলা হয়।

“এটি কোনো সার্বজনীন খাদ্যাভ্যাসের রুটিন বা ওষুধ হিসেবেও কাজ করে না।”

পুষ্টিবিদ সিরাজাম মুনিরা বলেন, “কিটো ডায়েট উন্মুক্ত কোনো খাদ্যাভ্যাস নয়। আমরা সাধারণত ৫০ শতাংশ কার্বোহাইড্রেট খাই, ৩০ শতাংশের মত প্রোটিন খাই আর ২৫ শতাংশ ফ্যাট গ্রহণ করি। আমাদের যে নরমাল ডায়েট প্যাটার্ন, সেটা কিটো ডায়েটে পুরোপুরি আপস-ডাউন হয়। সেখানে ফ্যাটের পার্সেন্টেজ বেশি থাকে। প্রোটিন নরমাল এবং কার্বোহাইড্রেট একেবারে কম থাকে।

“স্বাভাবিক খাদ্যাভ্যাস পরিবর্তন করে নতুন কিছুতে শিফট করতে চাইলে শরীরকে আস্তে আস্তে সেই পর্যায়ে নিয়ে যেতে হয়। হুট করে কিটোর পরামর্শ দিলে জটিলতা সৃষ্টি হতে পারে।”

কিটো ডায়েট নিয়ে এখন পর্যন্ত বেশ কিছু গবেষণা হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণার শিরোনাম ছিল ‘টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতায় কিটোজেনিক ডায়েট: ক্লিনিক্যাল প্রমাণের পর্যালোচনা’।

‘নিউট্রিয়েন্টস’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণার উপসংহারে বলা হয়, দীর্ঘমেয়াদী এই খাদ্যাভ্যাস মেনে চললে পুষ্টির ঘাটতি হতে পারে, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি, যা হাড়ের স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে।

“পুষ্টির পরিকল্পনা সবসময় চিকিৎসাসংক্রান্ত নির্দেশিকা, শারীরিক অবস্থা এবং ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত। সবাইকে এক নিয়মে বিচার করার কোনো সুযোগ নেই। এটি চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয়তা ছাড়া সুস্থ ব্যক্তির ব্যবহার করা উচিত নয়; কেবল চিকিৎসক ও ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানেই এটি প্রয়োগ করা উচিত।”

ইনসুলিন বন্ধ করলে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিটোর প্রভাব

২০২৫ সালের হিসাবে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের মতে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৩৯ লাখের কাছাকাছি।

এদের অনেকে দীর্ঘদিন ওষুধ, ইনসুলিন নিয়ে হতাশ হওয়ার পর ভিন্ন ধরনের ডায়েট পরামর্শ নিতে আগ্রহী হচ্ছেন। রোগীর শরীরের অবস্থা সেভাবে পর্যবেক্ষণ না করেই অনেকে কিটো ডায়েটের পরামর্শ দিচ্ছেন, যার ফলে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ডায়াবেটিসের সেই রোগীদের ইনসুলিন দেওয়া হয়, যাদের শরীরে প্রয়োজনীয় ইনসুলিন উৎপন্ন হয় না। তাই হুট করে ইনসুলিন বন্ধ করলে সেটি শরীরে মারাত্মক জটিলতা তৈরি করে।

ডা. হালিম খান বলেন, কিটো ডায়েট এমন কোনো খাদ্যাভ্যাস নয়, যেটা ডায়াবেটিস রোগীকে সুস্থ করে তোলে। ডায়াবেটিসের প্রাথমিক ক্ষেত্রে এটি কিছুটা উপকারী হতে পারে। কিন্তু কিটো ডায়েট স্বল্প সময়ের জন্য ভালো, দীর্ঘমেয়াদে কারও জন্য ভালো কিছু নয়।

তিনি বলেন, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সবচেয়ে ভয়ংকর বিষয় হল, ‘ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস’ (ডিকেএ)। ডিকেএ হওয়ার পরেও রক্তে গ্লুকোজ অত্যন্ত বেশি নাও হতে পারে। ফলে রোগী কিংবা চিকিৎসক শুধু গ্লুকোজ দেখে পরিস্থিতিটা ঠিকঠাক নাও বুঝতে পারেন।

ডিকেএ ডায়াবেটিসের একটি জটিল পরিস্থিতি, যেখানে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ইনসুলিন হঠাৎ বন্ধ করে দিলে ডিকেএর ঝুঁকি বেড়ে যায়।

এ ধরনের পরিস্থিতিতে শরীরে ইনসুলিনের ঘাটতির কারণে কোষগুলো শক্তির জন্য পর্যাপ্ত গ্লুকোজ ব্যবহার করতে পারে না। তখন শরীর চর্বি ভাঙতে শুরু করে এবং কিটোন বডি তৈরি হয়। কিটোন বেশি জমে রক্ত অম্লীয় হয়ে গেলে ‘ডিকেএ’ পরিস্থিতি তৈরি হয়।

এ ক্ষেত্রে অতিরিক্ত তৃষ্ণা ও প্রস্রাব, বমির ভাব, পেটব্যথা, দুর্বলতা, দ্রুত বা গভীর শ্বাস, এমনকি রোগী অচেতন হয়ে পড়তে পারেন।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের চিকিৎসা নির্দেশিকায় বলা হয়েছে, যেসব ডায়াবেটিস রোগীর কিটোঅ্যাসিডোসিসের ঝুঁকি আছে এবং যারা নির্দিষ্ট ধরনের ডায়াবেটিসের ওষুধ সেবন করেন, তাদের কিটো ডায়েট না করাই ভালো।

এতে আরও বলা হয়, খুব কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া, দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং শরীরে পানিশূন্যতা দেখা দেওয়া কিটোঅ্যাসিডোসিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই নির্দিষ্ট ধরনের ওষুধ সেবনকারী ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কিটো ডায়েট শুরু করা উচিত নয়।

আবার কেউ যদি ইনসুলিন বা রক্তে শর্করা কমানোর নির্দিষ্ট ধরনের ওষুধ সেবন করেন, তিনি হঠাৎ করে খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কমিয়ে দিলে রক্তে শর্করা অতিরিক্ত কমে যেতে পারে।

রক্তে শর্করার মাত্রা ৫০-৬০ মিলিগ্রাম/ডেসিলিটারে বা তার নিচে নেমে গেলে অতিরিক্ত ঘাম, কাঁপুনি, দুর্বলতা, বিভ্রান্তি, খিঁচুনি এমনকি অচেতন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

তাই কিটো ডায়েট শুরু করলে ডায়াবেটিসের ওষুধের মাত্রাও পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তবে ওষুধের মাত্রা কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত অবশ্যই চিকিৎসকের পরামর্শে নেওয়ার কথা বলা হয় নির্দেশনায়।

এ বিষয়ে ভিএলসিসি অ্যান্ড ভাইবস হেলথকেয়ারের সাবেক ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা বলেন, “কিটো ডায়েট সবার জন্য উন্মুক্ত কোনো ডায়েট না। এটি করার জন্য বিশেষজ্ঞের পর্যবেক্ষণে থাকতে হয়। শরীরকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে এটি করতে হয়।”

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “কারও যখন ডায়রিয়া হয়, তখন তাকে লিকুইড বা তরল খাবার দেওয়া হয়। এমন খাবার যখন সার্বজনীন নয়, তেমনি কিটো ডায়েটও সবার জন্য নয়।’’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক রুহুল আমিন বলেন, “বিভিন্ন বৈজ্ঞানিক পর্যায় এবং ট্রায়াল পার হওয়ার পর ওষুধ বা ইনজেকশন সাধারণ মানুষের শরীরে ব্যবহারের অনুমতি দেয় চিকিৎসাবিজ্ঞান। তবে বহুল প্রচলিত কিটো ডায়েট বা বিভিন্ন ধরনের ডায়েট আসলে অল্প বা ব্যক্তিকেন্দ্রিক জায়গায় সফলতার পর সেটি অন্যদের গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। তাই এটি সবার জন্য সেভাবে কাজ করে না।”

চিকিৎসাবিজ্ঞানে একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ইনসুলিন নাকি ডায়েট বেশি কার্যকর— এমন প্রশ্নে তিনি বলেন, “ইনসুলিন সেই রোগীকে দেওয়া হয়, যার শরীরে ওই নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয় না। ফলে এখানে ইনসুলিন বন্ধ করে কাউকে ডায়েট পরামর্শ খুব ভালো কিছু নয়।

“কারণ সেই ডায়েটের মাধ্যমে পর্যাপ্ত ইনসুলিন তৈরির কোনো নিশ্চয়তা বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। ফলে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। এসবের সমন্বয় না করা হলে রোগীর আরও বেশি শারীরিক জটিলতা তৈরি হতে পারে।”