এআইয়ের অগ্রগতি ও সীমা টানতে নতুন প্রস্তাব ওপেনএআই বিজ্ঞানীর
নতুন পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত এআই নির্মাতাদের নির্ধারিত সক্ষমতার সীমা অতিক্রম না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত।
ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এআই মডেলগুলোর সক্ষমতায় অভিন্ন সীমা টানার পাশাপাশি পুরো শিল্পখাতে অগ্রগতি পরিমাপের একটি মানদণ্ড ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকি।
রোববার প্রকাশিত এক প্রস্তাবে তিনি এ কথা বলেছেন, যাতে কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যানেরও সমর্থন রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
পাচোকির প্রস্তাবটি এমন এক সময়ে সামনে এল যখন এআইয়ের দ্রুত বেড়ে ওঠা সক্ষমতার সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের ভেতরে ও বাইরে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
পাচোকি লিখেছেন, “আমি আরও প্রস্তাব করছি, পারপ্লেক্সিটি ও অন্যান্য পরিমাপকের ওপর ভিত্তি করে কিছু অভিন্ন সীমা নির্ধারণ করা হোক, যা নির্মাতারা অতিক্রম না করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, বিশেষ করে যতক্ষণ না এআইয়ের আচরণ বোঝার ও তা পর্যবেক্ষণের ক্ষেত্রে আমাদের সক্ষমতা সুনির্দিষ্ট এক মাইলফলকে পৌঁছাচ্ছে।”
এআই বা ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা চ্যাটজিপিটির মতো মডেলগুলোর ভাষার ও অনুমান সক্ষমতা মাপার গাণিতিক মানদণ্ড হল পারপ্লেক্সিটি।
পাচোকি ‘পারপ্লেক্সিটি’কে মডেলের বুদ্ধিমত্তা পরিমাপের এমন এক মানদণ্ড হিসেবে বর্ণনা করেছেন, যা একটি মডেল গড়ে কতটা নিখুঁতভাবে পরবর্তী ‘টোকেন’ বা তথ্যের মৌলিক একক অনুমান করতে পারে তা নির্দেশ করে।
তিনি লিখেছেন, পারপ্লেক্সিটির মান যত কম হবে মডেলের অনুমান সক্ষমতা তত ভালো বলে বিবেচিত হবে।
২০২৭ সালের মধ্যেই এআই প্রশিক্ষণ পদ্ধতিতে মৌলিক অগ্রগতি আনতে সহায়তা করতে পারে এআই নিজেই, যা পর্যবেক্ষণ ও নিরাপত্তার অগ্রগতির চেয়েও দ্রুতগতিতে এআইয়ের বিকাশকে বাড়ানোর সম্ভাবনা রাখে বলে দাবি পাচোকির।
তার ভাষ্য, নতুন পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত নির্মাতাদের উচিত নির্ধারিত সক্ষমতার সীমা অতিক্রম না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকা।
পাচোকি এমন এক শিল্পমানের পক্ষে মত দিয়েছেন, যেখানে উন্নয়নের ক্ষেত্রে প্রথম একটি সীমা নির্ধারণ করা থাকবে ও সেই সীমা পেরোনোর আগে কোন কোন মাইলফলকে পৌঁছাতে হবে তা সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে।
এক্স-এ দেওয়া এক পোস্টে পাচোকির এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে অল্টম্যান বলেছেন, এআই উন্নয়নের অভিন্ন সীমার বিষয়ে পুরো শিল্পখাতেরই ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা উচিত।
পাচোকির লেখাটিকে ‘সাম্প্রতিক সময়ে ওপেনএআইয়ের প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা’ হিসেবে বর্ণনা করে অল্টম্যান বলেছেন, এ ধরনের সীমা নির্ধারণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সহায়তা করবে।
