২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বিয়ে ঠিক করতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার, মা আশঙ্কাজনক

বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি শফিউল ইসলাম পাটোয়ারী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 07:14 PM

Updated : 23 Nov 2026, 07:14 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ছেলের বিয়ে ঠিক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। এ সময় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি শফিউল ইসলাম পাটোয়ারী জানান।

নিহত আব্দুল আজিজ (৫৫) উপজেলার বাদঘাটা এলাকার বাসিন্দা।

তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪০) প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, আব্দুল আজিজ আর তার স্ত্রী বাড়ি থেকে মোটরসাইকেলে করে বংশীপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

আহত অবস্থায় আব্দুল আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন।