২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে বাড়ির ছাদে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিহতের স্ত্রী বলেন, তার স্বামী বাড়িতে তালা দিয়ে এশার নামাজ পড়তে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 07:10 PM

Updated : 29 Oct 2026, 07:10 PM

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবা থানার ওসি আব্দুল মতিন।

নিহত আবুল কালাম আজাদ (৪৫) নওহাটা বাজারে সবজির ব্যবসা করতেন। তার তিন সন্তানের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। একমাত্র ছেলে ঢাকায় নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বুধবার রাতে তার স্বামী বাড়িতে তালা দিয়ে এশার নামাজ পড়তে যান। অনেক রাত হলেও তিনি ফিরে না আসায় রাত ১২টার দিকে অতিরিক্ত চাবি দিয়ে অন্য একজনের সহায়তায় জানালা দিয়ে বাড়ির তালা খোলেন।

পরে বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজেও স্বামীকে পাননি। একপর্যায়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান।

সাবিনা ইয়াসমিন বলেন, তাদের বাড়ির ছাদে উঠতে বাইরে দিয়ে যেতে হয়। এর আগে তিনি ছাদে বিড়ালের লাফালাফির মতো শব্দ শুনেছিলেন।

পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের

বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি বলেন, ঘটনার সময় বাড়িতে শুধু আজাদের স্ত্রী ছিলেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।