নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার
দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা করা হয়।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, শনিবার রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব (২২) দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই, সিআইডি ও ডিবির সমন্বিত দল তদন্ত করছে।
আরও পড়ুন:
নেত্রকোণায় সাংবাদিক হত্যায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা
