নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় আরও দুজন গ্রেপ্তার
এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক বলেন, “ইমন এবং সাব্বির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।
লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা।
তিনি আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেইসবুক পেজও চালাতেন তিনি।
এ ঘটনার দুদিনের মাথায় ১৭ অক্টোবর অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।
এরপর ২০ অক্টোবর গ্রেপ্তার করা হয় দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১)।
