০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা: আদালতে ২ আসামির স্বীকারোক্তি

আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 04:30 PM

Updated : 02 Nov 2026, 04:30 PM

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুত্ফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার বিকালে দুর্গাপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়ার কাছে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

আসামিরা হলেন- দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার ইমরান ইসলাম ইমন এবং তেরীবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ।

ওসি শাকের আহমেদ বলেন, ঘটনার জবানবন্দি শেষে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে তদন্তের স্বার্থে জবানবন্দির বিবরণ জানাননি তিনি।

এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে আলিফ হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল।

সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে সাংবাদিক রফিকুল ইসলাম এবং মোহন মিয়াসহ অন্যরা বক্তব্য দেন।

১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন ১৬ অক্টোবর রাতে আলিফের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২২), আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণ (২১), ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) এবং মো. সাব্বির আহম্মেদ (২৫)।