১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বেলা ১১টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে ও দুপুরে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করেন সাংবাদিকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 05:00 PM

Updated : 17 Oct 2026, 05:00 PM

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোণার স্থানীয় সাংবাদিকেরা।

শনিবার বেলা ১১টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোণা সাংবাদিক সমাজের ব্যানারে জেলা শহরে কর্মরত সাংবাদিকেরা এবং দুপুরে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করা হয়।

জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

মানববন্ধনে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে প্রেসক্লাব সহসভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুলসহ অন্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে মোহন মিয়া বলেন, "সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। ঘটনার ৪০ ঘণ্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও অপরাধীদের সনাক্ত করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবিলম্বে যদি লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি নিহতের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

ওই গ্রামে নিহত সাংবাদিকের শ্বশুরবাড়ি। ঘটনার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।

পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেইজও পরিচালনা করতেন।

শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তবে এখনও কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।