১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

নেত্রকোণা দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 12:13 AM

Updated : 17 Oct 2026, 12:13 AM

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।

শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে সাধারণ সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা।

তিনি আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেইসবুক পেজও চালাতেন তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে গুলি করে হত্যা স্বাধীন গণমাধ্যমের নিরাপত্তার জন্য চরম হুমকি। আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নেপথ্যের মূল পরিকল্পনা উন্মোচন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতির কারণে সংবাদকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বারবার ঘটছে। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির আহ্বান জানান তারা।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, টেলিভিশন রিপোটার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এএসএম হোসাইন শাহীদ এবং ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।