০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ওসি বলেন, জাহেদের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 09:50 AM

Updated : 05 Nov 2026, 09:50 AM

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার রাত ১০টার দিকে চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন।

নিহত জাহেদ বেপারী (৫০) ওই গ্রামের বাসিন্দা। হামলায় গুরুতর আহত হবার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে জাহেদ বেপারীকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।

টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, স্বজন ও স্থানীয়দের দাবি, জাহেদ বেপারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এ কারণে প্রতিপক্ষ ফরিদের লোকজন পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।

ঘটনাস্থল থেকে রাত সোয়া ১টায় ওসি বলেন, জাহেদের মৃত্যু খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছেও বলেও জানান তিনি।